৪৮ ঘণ্টায় ৩০ শিশুর মৃত্যু
ভারতের উত্তর প্রদেশের একটি হাসপাতালে ৪৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে নবজাতকসহ ৩০ শিশু মারা গেছে। রাজ্যের গোরাখপুর জেলার বাবা রাঘব দাস মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটেছে।
জেলার কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, তরল অক্সিজেনের সংকটের কারণে শিশু মৃত্যুর এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বকেয়া পাওনা না পেয়ে অক্সিজেন সরবরাহকারী বেসরকারি একটি প্রতিষ্ঠান তাদের সরঞ্জাম প্রত্যাহার করে নেওয়ার পর এ ঘটনা ঘটে।
তবে হাসপাতালের চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট আর এস শুক্লা বলেন, সরবরাহকারী প্রতিষ্ঠানটি সরঞ্জাম সরবরাহ বন্ধ করে দেওয়ায় কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে সত্য। তবে ৩০ শিশুর মধ্যে অন্তত ১০টি মারা গেছে মস্তিষ্কে প্রদাহজনিত সমস্যার কারণে।
গোরাখপুর জেলা ম্যাজিস্ট্রেট রাজীব রতেলা সাংবাদিকদের বলেন, যেহেতু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ প্রশাসনকে জানিয়েছিল তাদের বিকল্প অক্সিজেন সরবরাহ ব্যবস্থা রয়েছে, কাজেই অক্সিজেন-সংকটে শিশুমৃত্যুর অভিযোগটি গ্রহণযোগ্য নয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মারা যাওয়া শিশুরা নবজাতক থেকে ১২ বছর বয়সী। এর মধ্যে ১৭টি শিশু ছিল নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। আটটি শিশু ওয়ার্ডে এবং পাঁচটি ছিল অ্যাকিউট এনকেফেলাইটিস সিনড্রোম ওয়ার্ডে চিকিৎসাধীন।