৫ থেকে ১০ রুপিতে নাশতা, মধ্যাহ্ন ও নৈশভোজ

গরিব মানুষের মুখে খাবার জোগাতে এবার ভারতের কর্ণাটক রাজ্যে কংগ্রেস সরকার ৫ রুপিতে ভোরের নাশতা এবং ১০ রুপিতে দুপুর ও রাতের খাবার দেবে। এই নতুন প্রকল্পের নাম ‘ইন্দিরা ক্যানটিন’।
গতকাল বুধবার রাজধানী বেঙ্গালুরুর জয়নগরে এই ইন্দিরা ক্যানটিনের উদ্বোধন করেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। এ সময় তাঁর সঙ্গে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া সকালের খাবার খান।

চলতি বছর কর্ণাটক সরকারের বাজেট পেশ করার সময় ১৯৮টি ইন্দিরা ক্যানটিন খোলার ঘোষণা দিয়েছিল রাজ্য সরকার। তারই অংশ হিসেবে গতকাল খোলা হয় ১০১টি ইন্দিরা ক্যানটিন। তবে গতকাল উদ্বোধনের দিন বিনা মূল্যেই খাবার পরিবেশন করা হয়।
আজ বৃহস্পতিবার থেকে ৫ ও ১০ রুপিতে মিলবে সকালের নাশতা, দুপুর ও রাতের খাবার। এদিন ঘোষণা দেওয়া হয়েছে, এ ধরনের আরও ইন্দিরা ক্যানটিন খোলা হবে বেঙ্গালুরু রাজ্যজুড়ে।
আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে কর্ণাটক বিধানসভার নির্বাচন। কর্ণাটকের রাজধানী হলো বেঙ্গালুরু। নির্বাচনের আগে কংগ্রেস সরকার এই প্রকল্প চালু করে গরিবদের পাশে টানতে চাইছে বলে অনেকে মনে করছেন।
১৭-০৮-১৭