কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাংককে সুপ্রিম কোর্টের নোটিশ
৫০০ ও ১০০০ রুপির পুরোনো নোট কেন ফেরত নয়?
ভারতের সুপ্রিম কোর্ট আজ সোমবার কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাংককে নোটিশ জারি করে বলেছেন, কেন পুরোনো ৫০০ ও ১০০০ রুপির নোট ফেরত দেওয়া হবে না, তা আগামী ১০ মার্চের আগে জানাতে হবে। ১০ মার্চ এ নিয়ে পরবর্তী শুনানি হবে।
এক ব্যবসায়ী তাঁর কাছে থাকা ৭১ লাখ রুপির পুরোনো নোট রিজার্ভ ব্যাংকে জমা দিতে না পেরে আবেদন করেন সুপ্রিম কোর্টে। সেই আবেদনের শুনানিকালে সুপ্রিম কোর্ট আজ এই নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত বছরের ৮ নভেম্বর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে চালু থাকা ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করে ৫০ দিন সময় বেঁধে দেন ওই বাতিল নোট বিভিন্ন ব্যাংক থেকে বদলিয়ে নেওয়ার জন্য। পাশাপাশি এ কথাও জানিয়ে দেওয়া হয়, আগামী ৩১ মার্চ পর্যন্ত অচল হওয়া ৫০০ ও ১০০০ হাজার রুপির নোট কেবল প্রতিটি রাজ্যের রিজার্ভ ব্যাংক থেকে বদলিয়ে নেওয়া যাবে। কিন্তু আবেদনকারী নিজের কাছে গচ্ছিত থাকা ৭১ লাখ ৫০০ ও ১০০০ হাজার রুপির নোট রিজার্ভ ব্যাংকে জমা দিতে না পেরে ওই আবেদন করেন সুপ্রিম কোর্টে।