৫০০ কেজি ওজন নিয়ে চিকিৎসার জন্য মুম্বাইয়ে তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০০ কেজি ওজনের মিসরীয় সেই নারী চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ে পৌঁছেছেন। আজ শনিবার ভোর চারটার দিকে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এর আগে ইমান আহমেদ নামের ৩৬ বছর বয়সী ওই নারী তার ওজন কমানোর জন্য চিকিৎসা নিতে ভারতে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় ভিসা না পেয়ে ওই নারী মুম্বাইয়ের এক সার্জনের কাছে সাহায্য চান। এরপর ওই সার্জন টুইটারের মাধ্যমে বিষয়টি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নজরে আনেন। তাঁকে চিকিৎসার জন্য ভারতীয় ভিসা পেতে সহায়তার অনুরোধ জানান। পরে তিনি অনুমোদন পান।

দীর্ঘ ২৫ বছর যাবৎ তিনি অতিরিক্ত ওজনের জন্য ঘরের বাইরে বের হতে পারেননি। ভারতে আসার পর অস্ত্রোপচারের আগে প্রায় এক মাসের জন্য তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। বর্তমানে তিনি একটি শহর ভিত্তিক বারিয়াট্রিক সার্জন মোফাজ্জল লাখদাওয়ালা ও তাঁর সহযোগী ডাক্তারদের তত্ত্বাবধানে রয়েছেন।

চিকিৎসকেরা প্রায় তিন মাস ধরে ইমান আহমেদের চিকিত্সা করছেন। এরই মধ্যে সাবধানতা অবলম্বন করে তাঁর জন্য প্রয়োজনীয় সবকিছু মিসরের আলেকজান্দ্রিয়া শহর থেকে নিয়ে আসা হয়েছে। এমনকি মুম্বাইয়ে তাঁকে নিয়ে যাওয়ার জন্য যদি কোনো ধরনের জটিলতা সৃষ্টি হয়, সে সব ক্ষেত্রেও করণীয় মাথায় রাখা হয়েছিল। বিশেষ করে তাঁর মতো উচ্চ ঝুঁকি সম্পন্ন রোগীর জন্য সব ধরনের ব্যবস্থাই করা হয় বলে চিকিৎসকেরা জানান।

ইমান আহমেদকে পরিবহনের জন্য একটি বিশেষ বিছানা তৈরি করা হয় বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। তাঁকে পরিবহনকারী বিমানেও নেওয়া হয় সতর্কতামূলক ব্যবস্থা। সেখানে পোর্টেবল ভেন্টিলেটর, পোর্টেবল ডিফিব্রিলেটর, অক্সিজেন সিলিন্ডারসহ অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম ও জরুরি ক্ষেত্রে প্রয়োজনীয় ওষুধ রাখা হয়েছিল।

বিমানবন্দর থেকেও তাঁকে একটি সম্পূর্ণরূপে নিরাপত্তাবেষ্টিত অ্যাম্বুলেন্সে করে পুলিশি পাহারায় সাইফি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাঁর জন্য একটি বিশেষ কক্ষ তৈরি করা হয়েছে।