৬০০ দিন পর ৮ লাশের সমাধি
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শেষকৃত্য সম্পন্ন হলো ভারতের মণিপুর রাজ্যে হিংসার বলি আট উপজাতির মরদেহের। ৬০০ দিন মর্গে থাকার পর আজ বুধবার বিকেলে তাঁদের মরদেহ সমাধিস্থ করা হয়। এ সময় হাজার হাজার মানুষের উপস্থিতিতে নিহত ব্যক্তিদের শহীদ বলে সম্মান জানানো হয়।
২০১৫ সালের ৩১ আগস্ট ইনার লাইন পারমিট নিয়ে মণিপুর বিধানসভায় বিল পাস করার পর অশান্তির আগুন ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। সেপ্টেম্বরে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে প্রাণ হারান নয়জন। একজনের মরদেহ আগেই সৎকার করা হয়। বাকি আটজনের মরদেহ মণিপুরের চুরাচানপুর জেলার মর্গে রাখা ছিল। আজ বুধবার সেই আটজনের মরদেহের সৎকার করা হয়।
উত্তর পূর্ব ভারতের উপজাতিদের নিজস্বতা বজায় রাখার জন্য ব্রিটিশরা প্রথম এই ইনার লাইনপ্রথা চালু করে। সেই আইন এখনো ভারতের অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মিজোরামে চালু রয়েছে। এই আইনবলে ভারতীয় নাগরিকদেরও এসব রাজ্যে যেতে গেলে অনুমতি নিতে হয়।
মণিপুরে ছিল রেস্ট্রিকটেড অ্যারিয়া পারমিট। কিন্তু ২০১৫ সালে কংগ্রেস সরকার ইনার লাইন পারমিট আইন বিধানসভায় পাস করাতেই নাগারা বিদ্রোহী হয়ে ওঠে। শুরু হয় হিংস্র আন্দোলন। অল ট্রাইবাল উইমেন ইউনিয়ন এবং অল ট্রাইবাল মুভমেন্ট লামকার ব্যানারে এই আন্দোলনে নারীরাও এগিয়ে আসেন। তাঁরা এই বিলকে উপজাতিবিরোধী বলে আখ্যা দেন। পরে অবশ্য রাজ্য সরকারের সঙ্গে সমঝোতা হয় আন্দোলনকারীদের। বিনিময়ে নিহত ব্যক্তিদের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ এবং জখম ৪৮ জনকে সুচিকিৎসারও ব্যবস্থা করে রাজ্য সরকার।
কিন্তু ওই আন্দোলনে নিহত ব্যক্তিদের মরদেহ সৎকার করতে এত দিন রাজি হননি নাগা নেতারা। অবশেষে রাজ্যে পালাবদলের পর ইউনাইটেড নাগা কাউন্সিল ও বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার আটটি মরদেহ সৎকারে রাজি হয়। ১০ মে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছায় উভয় পক্ষ। সেই অনুযায়ী বুধবার সমাধিস্থ করা হলো প্রায় দুই বছরের পুরোনো লাশগুলো। মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের এই সৎকার অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু পূর্বনির্ধারিত জরুরি কর্মসূচির কারণে তিনি থাকতে পারেননি বলে জানানো হয়। তবে অন্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খ্রিষ্টধর্মমতে নির্বিঘ্নেই মিটে যায় আট আন্দোলনকারীর শেষকৃত্য।