৬২৭ ভারতীয়র বিদেশি ব্যাংকের হিসাব সুপ্রিম কোর্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার এক দিন পর আজ বুধবার ভারতের সরকার ৬২৭ জনের বিদেশি ব্যাংকের হিসাব-সংক্রান্ত তথ্য জমা দিয়েছে। অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি সুপ্রিম কোর্টে নথিপত্রের তিনটি সেট হস্তান্তর করেন।

কালোটাকা উদ্ধার নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে গতকাল মঙ্গলবার তীব্র ভর্ৎসনা করেন। একই সঙ্গে নির্দেশ দেন, বিদেশি ব্যাংকগুলোতে যত ভারতীয় নাগরিকের হিসাব রয়েছে এবং যে তথ্য বিদেশি ব্যাংকগুলো ভারত সরকারকে জমা দিয়েছে, এসব নাম ও তথ্য মুখবন্ধ খামে ২৪ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

কালোটাকা বিদেশে গচ্ছিত রাখার অভিযোগ রয়েছে—এমন সাত ভারতীয় এবং একটি প্রতিষ্ঠানের নাম গত সোমবার কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানায়। ওই তালিকা প্রকাশ করার পর দেশটির একটি বেসরকারি সংগঠন (এনজিও) বলছে, ওই কালোটাকার মালিকদের একজন দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং বিরোধী দল কংগ্রেস উভয়কেই অর্থ দিয়েছিলেন।

কালোটাকা বিদেশে গচ্ছিত রেখেছেন বলে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম এ পর্যন্ত প্রকাশ পেয়েছে, তাঁরা হলেন ডাবর ইন্ডিয়া গোষ্ঠীর সাবেক পরিচালক প্রদীপ বর্মণ, গুজরাটের রাজকোট জেলার স্বর্ণ ব্যবসায়ী পঙ্কজ চিমনলাল লোধিয়া ও গোয়ার খনি ব্যবসায়ী রাধা টিমলো। তিনজনই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এই তালিকায় টিমলো পরিবারের আরও চারজনের নাম রয়েছে। তাঁরা হলেন চেতন এস টিমলো, রোহান এস টিমলো, আন্না এস টিমলো, মল্লিকা আর টিমলো। প্রতিষ্ঠান হিসেবে নাম রয়েছে টিমলো প্রাইভেট লিমিটেডের। ওই তথ্য প্রকাশের পাশাপাশি কয়েকজন রাজনীতিকের নাম সরকারি সূত্রে উঠে আসে। কিন্তু বেছে বেছে এভাবে তথ্য প্রকাশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্ট গতকাল সরব হন। সরকারের এই প্রবণতা রুখতেই তাঁরা নির্দেশ দেন কালোটাকা-সংক্রান্ত সরকারের কাছে থাকা সব তথ্য বুধবারের মধ্যে জমা দিতে।