
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দেশটির স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর বিষয়ে ৬৪টি গোপন নথি প্রকাশ করেছে। গতকাল শুক্রবার সকালে কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ উত্তর কলকাতার মানিকতলায় অবস্থিত পুলিশ জাদুঘরে নথিগুলো উন্মুক্ত করেন। নথিগুলোর মধ্যে কোনোটিতে নেতাজি ১৯৬৪ সাল পর্যন্ত বেঁচে ছিলেন, এমন তথ্যের প্রমাণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বেশ কয়েকটি ‘গোপন’ চিহ্নিত ফাইলে বন্দী ১২ হাজার ৭৪৪ পাতার ওই ৬৪টি নথির মধ্যে ৫৫টি ছিল রাজ্য সরকারের কাছে। আর নয়টি ছিল রাজ্যের গোয়েন্দা পুলিশের কাছে।
জাপান যাওয়ার পথে ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইওয়ানের তাইহাকুতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে বলে ব্যাপকভাবে প্রচারিত ধারণা। তবে নেতাজির পরিবারসহ তাঁর অগণিত ভক্তের অনেকেই তা কখনোই মেনে নেননি। গতকাল প্রকাশিত কোনো নথিতে এ তথ্য নেই যে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যান।
পুলিশ কমিশনার সুরজিৎ কর জানান, এই নথি দেখার জন্য আগামী সোমবার থেকে জাদুঘর খুলে দেওয়া হবে সাধারণ দর্শনার্থীদের জন্য।
গতকাল দুপুরে পুলিশ জাদুঘরে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির গোপন নথি ঘুরে দেখে তিনি বলেন, ‘এই নথি মানুষের চোখ খুলে দেবে। আমি চাই, নেতাজি সম্পর্কে সত্য উদ্ঘাটিত হোক।’
দীর্ঘদিন ধরে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে নেতাজির রহস্যজনক অন্তর্ধান সম্পর্কিত গোপন নথিগুলো প্রকাশ করার দাবি জানিয়ে আসছিল দেশটির বিভিন্ন রাজনৈতিক দল। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার তাদের হাতে থাকা ৬৪টি গোপন নথি প্রকাশ্যে নিয়ে এল।
এক পুলিশ কর্মকর্তা জানান, ১৯৩৮ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত নেতাজিসংক্রান্ত অনেক তথ্য রয়েছে এসব নথিতে। এতে নেতাজির অন্তর্ধান নিয়ে অনেক প্রশ্নের জবাব পাওয়া যেতে পারে। নথিগুলোর মধ্যে ১৯৩৮ সাল থেকে কলকাতার এলগিন রোডে নেতাজির বাসভবনে তাঁর পরিবারের ওপর তখনকার ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের নজরদারি সম্পর্কে নানা কাগজপত্র আছে।