৬৫ বছর পর রাজ্যসভায় বৃহৎ দল বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় ৬৫ বছর ধরেই বৃহৎ দল হিসেবে নথিভুক্ত ছিল জাতীয় কংগ্রেস। গতকাল বৃহস্পতিবার সেই ইতিহাস পাল্টে দিয়ে রাজ্যসভার বৃহৎ দলের মর্যাদা পেল বিজেপি। গতকাল মধ্যপ্রদেশ থেকে নির্বাচিত বিজেপির সাম্পাথিয়া উইকে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন। এর মধ্য দিয়ে পাল্টে যায় দলীয় সদস্যসংখ্যার হিসাব-নিকাশ। বিজেপির সদস্যসংখ্যা বেড়ে দাঁড়াল ৫৮। আর কংগ্রেসের সদস্যসংখ্যা কমে দাঁড়াল ৫৭। তবে রাজ্যসভায় এখনো সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির।

মূলত দুজন এমপির মৃত্যুর কারণে বৃহত্তম দলের মর্যাদা হারাল কংগ্রেস।

ভারতের পার্লামেন্টে রয়েছে দুটি কক্ষ। রাজ্যসভা এবং লোকসভা। রাজ্যসভার সদস্যসংখ্যা ২৫০ আর লোকসভার সদস্যসংখ্যা ৫৪৫। দুই ক‌ক্ষের সদস্যরাই এমপি হিসেবে পরিচিত। তবে রাজ্যসভার সদস্যদের মধ্যে ২৩৮ জন নির্বাচিত সদস্য আর ১২ জনকে রাষ্ট্রপতি মনোনীত করেন।

রাজ্যসভা হলো ভারতের অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ। আর লোকসভা হলো জনগণের প্রতিনিধিত্বমূলক। লোকসভার ৫৪৩ জন সদস্য নির্বাচিত হন জনগণের সরাসরি ভোটে। আর দুজন মনোনীত হন রাষ্ট্রপতির দ্বারা।

এদিকে আগামী মঙ্গলবার রাজ্যসভায় পশ্চিমবঙ্গের ছয়টি এবং গুজরাটের তিনটি আসনে নির্বাচন হওয়ার কথা।