৬৬ জন আক্রান্ত হওয়ার পর ভারতের প্রমোদতরিতে আতঙ্ক
ভারতের মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরিতে ৬৬ জন যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার গোয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে টুইটে এ তথ্য জানিয়েছেন। করডেলিয়া প্রমোদতরিতে এক ক্রু করোনায় আক্রান্ত হওয়ার পর সেখানকার দুই হাজার আরোহীর নমুনা পরীক্ষা করা হয়েছিল। খবর হিন্দুস্তান টাইমসের।
ভারতজুড়ে করোনার নতুন ধরন অমিক্রনের সংক্রমণ নিয়ে আতঙ্কের মধ্যেই খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপনের জন্য ওই প্রমোদতরিতে ভিড় জমিয়েছিলেন যাত্রীরা। গত রোববার এক ক্রুর করোনা শনাক্ত হওয়ার পর প্রমোদতরিকে তীরে ভিড়িয়ে কয়েক ঘণ্টা অপেক্ষা করা হয়। পরবর্তী করণীয় কী হবে, তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়। পরে জাহাজের দুই হাজার যাত্রীর সবার করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেয় তারা।
টুইটার পোস্টে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাত্রীদের জাহাজ থেকে তীরে নামানোর ব্যাপারে আলোচনা করতে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে। যেসব যাত্রী করোনা নেগেটিভ হয়েছেন, তাঁরাও পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত জাহাজ থেকে তীরে নামতে পারবেন না।
এদিকে গোয়ায় নতুন করে আরও চারজন অমিক্রনে আক্রান্ত হয়েছেন। এই চারজনের মধ্যে এমন একজন রয়েছেন, যিনি সম্প্রতি রাজ্যের বাইরে কোথাও ভ্রমণে যাননি। এর মধ্য দিয়ে কর্তৃপক্ষ আশঙ্কা করছে, রাজ্যজুড়ে ইতিমধ্যেই অমিক্রন ধরন ছড়াতে শুরু করেছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, রাজ্যে আক্রান্ত ব্যক্তিদের একজনের পূর্ববর্তী ভ্রমণের ইতিহাস নেই। আর তাতে স্থানীয়ভাবে অমিক্রন বিস্তারের আশঙ্কা বেড়েছে। বিশেষজ্ঞরা এ নিয়ে আরও গবেষণা করবেন।
গোয়া প্রশাসন বলছে, তারা রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারির কথা ভাবছে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সশরীরে সব ক্লাস বাতিল করার কথাও ভাবা হচ্ছে। এসব শ্রেণিতে আবারও অনলাইনে পাঠদান কার্যক্রম শুরু হবে।