৬৬তম জন্মবার্ষিকীতে কী করছেন মোদি?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৬তম জন্মবার্ষিকী আজ শনিবার। জন্মদিন পালনে তিনি চলে গেছেন নিজের রাজ্য গুজরাটে। মায়ের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তিনি অংশ নেবেন সামাজিক নানা আয়োজনে।
এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, গান্ধীনগরে মা হীরাবেন মোদির সঙ্গে জন্মদিনের সকালটা শুরু করেছেন নরেন্দ্র মোদি। পরে মায়ের সঙ্গে তোলা ছবি টুইট করে মোদি লেখেন, ‘মায়ের ভালোবাসা ও আশীর্বাদ তাঁর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ একই সঙ্গে তিনি জন্মদিনে শুভকামনা জানানোয় দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও উপরাষ্ট্রপতি হামিদ আনসারিকে ধন্যবাদ জানান।
গতকাল শুক্রবার রাতে মোদি গুজরাটের আহমেদাবাদে পৌঁছালে তাঁকে প্রাণঢালা সংবর্ধনা দেওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানিসহ শত শত নেতা-কর্মী তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী মোদি গান্ধীনগরের রাজ ভবনে যান। রাতে সেখানেই ছিলেন। আজ সকালে মায়ের কাছ থেকে শুভকামনা নেন।

মোদির আজকের দিনের কর্মসূচিতে আছে উপজাতি-অধ্যুষিত এলাকা লিমখেদায় ১ হাজার ৭০০ কোটি রুপি ব্যয়ের পানি ও সেচ কার্যক্রমের উদ্বোধন করা। সেখানে তিনি একটি জনসভায়ও বক্তব্য দেবেন। এখান থেকে তিনি দক্ষিণ গুজরাটের নবসারিতে যাবেন। জন্মদিনে তিনি নিজের রাজ্য গুজরাটে ১১ হাজার প্রতিবন্ধীর মধ্যে বিভিন্ন সহায়ক সরঞ্জাম ও এইড বিতরণ করবেন। সংখ্যার দিক দিয়ে এটা গিনেস রেকর্ড হবে বলে ভারতীয় গণমাধ্যমের তথ্য। সুরাট হয়ে প্রধানমন্ত্রী মোদি সন্ধ্যায় নয়াদিল্লিতে ফিরে যাবেন।
১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটে জন্ম নেওয়া নরেন্দ্র মোদি ২০১৪ সালে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।