৮ বছর ধরে নার্সকে ধর্ষণ চিকিৎসকের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে একটি নার্সিংহোমে এক নার্স আট বছর ধরে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার কলকাতার একটি টিভি চ্যানেল এই খবর ফাঁস করেছে।

কদিন আগে কলকাতায় রেলের সহকর্মীদের মাধ্যমে এক কর্মী চার বছর ধরে ধর্ষণের শিকার হয়েছেন বলে একটি টিভি চ্যানেল খবর ফাঁস করে।

এই নার্স যে নার্সিং হোমে চাকরি করতেন তাঁর মালিক চিকিৎসক দেবল রঞ্জন দত্তের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

২০০৬ সালে নার্সিং হোমটিতে চাকরি শুরু করেন ওই নার্স। পরের বছর নার্সের ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁর চিকিত্সার সাহায্যের জন্য মালিক দেবলের শরণাপন্ন হন তিনি। মালিক সাহায্যের আশ্বাস দিয়ে ওই নার্সকে টাকা নেওয়ার জন্য একটি হোটেলে দেখা করতে বলেন। সেখানে মালিকের দ্বারা তিনি প্রথমবার ধর্ষণের শিকার হন। দেবল মোবাইলে ছবি তুলে রাখেন। ছবিগুলো ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে আট বছর ধরে মালিক দেবল তাঁর সঙ্গে এই আচরণ করেন।

এ বছরের ৩১ মে মালিক তাঁর এক বন্ধুর কাছে ওই নার্সকে যেতে বললে তিনি ক্ষেপে যান। এই নির্দেশ মানবেন না জানালে নার্সের চাকরি চলে যায়। তিনি মেদিনীপুরের কোতোয়ালি থানার শরণাপন্ন হন। থানা অভিযোগ নিতে অস্বীকার করে। এরপর ওই নার্স ৮ জুলাই জেলার পুলিশ সুপারের কাছে যান। পুলিশ সুপারের নির্দেশে থানা মামলা নেয়। আদালতে জবানবন্দি দেন ওই নার্স।