৮ লাখ রুপি ফিরিয়ে দিলেন তিনি

ঘাড়ে প্রচুর ঋণ। তা শোধ করতে অর্থও লাগবে প্রচুর। তবে এই অর্থ নিজের রোজগারে শোধ করবেন তিনি। অন্য কারও টাকায় নয়। এ জন্য ব্যাগভরা আট লাখ রুপি পেয়েও মেরে দেননি তিনি। ঠিকানামতো প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছেন। সততার এই উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন ভারতীয় ট্যাক্সিচালক দেবেন্দ্র কাপরি।
ঘটনাটি ঘটেছে দিল্লির অভ্যন্তরীণ ফ্লাইটের বিমানবন্দরের কাছে।
আজ সোমবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ঋণের দেনা মাথায় নিয়ে মাথায় নিয়ে ট্যাক্সি চালান ২২ বছর বয়সী দেবেন্দ্র। ৪ মে এক যাত্রী ভুলে ওই ট্যাক্সিতে ব্যাগটি ফেলে রেখে চলে যান। অর্থের অনেক দরকার হলেও দেবেন্দ্র ব্যাগটির কোনো অর্থই সরাননি। বরং তিনি পুলিশের সহায়তায় ওই যাত্রীকে খুঁজে বের করে ব্যাগটি ফিরিয়ে দিয়েছেন।
প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে বিহারের বাসিন্দা ট্যাক্সিচালক দেবেন্দ্র দিল্লির অভ্যন্তরীণ বিমানবন্দর থানায় একটি ব্যাগ জমা দিতে যান। পুলিশের সহায়তায় ব্যাগটি যেন প্রকৃত যাত্রীর হাতেই পৌঁছায়—এটাই ছিল তাঁর উদ্দেশ্য। পরে পুলিশের একজন কর্মকর্তা ব্যাগটি খুলে দেখেন, ভেতরে সোনার গয়না, একটি ল্যাপটপ, একটি আইফোন, একটি ক্যামেরা, ৭০ ডলারের নোটসহ প্রায় ৮ লাখ রুপির মালামাল রয়েছে। পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, ব্যাগটির মালিক জম্মু ও কাশ্মীরের শ্রীনগর এলাকার মুবিশের ওয়ানি। ওই দিন সন্ধ্যায় ব্যাগটি তাঁকে হস্তান্তর করা হয়।
দেবেন্দ্র কাপরি বলেছেন, তিনি জানেন যে ব্যাগের ভেতর কী কী রয়েছে। এরপরও তিনি তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, দেবেন্দ্রর ৭০ হাজার রুপি ঋণ রয়েছে। এ ছাড়া তাঁর দুই বোনকে বিয়ে দেওয়ার সময় বাবা ৫ শতাংশ সুদে বেসরকারি সংস্থার কাছে থেকে এক লাখ রুপি ঋণ করেছিলেন। মাসিক কিস্তি পরিশোধ করতে না পারায় ওই ঋণ এখন দুই লাখ রুপিতে দাঁড়িয়েছে। ঋণ পরিশোধে বেসরকারি সংস্থা বেশ চাপ দিচ্ছে। পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দিয়েছে তারা। এ কারণে একমাত্র সম্বল বলতে ছোট্ট এক খণ্ড জমিও বেচতে হয়েছে তাঁদের। এতেও শোধ হয়নি ঋণ। তাঁর বড় ভাই রাজকোটে কাজ করেন। কিন্তু যা আয় করেন, তাতে তাঁর নিজেরই জীবন চলে না। এমন পরিস্থিতিতে মোটা অঙ্কের অর্থের ব্যাগ পেয়েও তা ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিয়েছেন দেবেন্দ্র। চার ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। দিল্লি বিমানবন্দরের কাছেই মেহরাম নগরে তিনি একটি টিনের ঘরে থাকেন।
দেবেন্দ্র বলেন, ‘আমার বাবার বয়স হয়েছে, মা অসুস্থ। আমাদের ওষুধ কেনার মতো অর্থ নেই। দিন দিন আমাদের অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে। মাত্র ১৭ বছর বয়সে পড়াশোনা ছেড়ে পরিবারকে সহায়তা করার চেষ্টায় নামি। ২০১২ সালে কাজের খোঁজে দিল্লি চলে আসি। প্রথমে দিল্লি বিমানবন্দরে ট্যাক্সিস্ট্যান্ডে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ শুরু করি। তারপর ধীরে ধীরে ট্যাক্সি চালনা শিখি।’
ব্যাগটি পেয়েও কেন ফেরত দিলেন—এই প্রশ্নের জবাবে দেবেন্দ্র বলেন, ‘এটা আমি বাবার কাছে শিখেছি। তিনি বলেছিলেন, নিজের প্রয়োজনের চেয়ে সততা ও নীতিনৈতিকতা অনেক বড়।’
আপনাকে যদি আট লাখ রুপি দিয়ে দেওয়া হতো তাহলে কী করতেন—এই প্রশ্নের জবাবে দেবেন্দ্র বলেন, ‘আগে আমি ঋণ পরিশোধ করতাম। বাকি অর্থ দিয়ে নিজের জন্য একটি ট্যাক্সি কিনে নিতাম; যা দিয়ে পরবর্তী দিনগুলোতে আমি সুখে থাকতে পারতাম।’