১৫ হাজার ৭৫০ কোটি রুপি দামে ৮১৪টি কামানসহ গোলন্দাজ সরঞ্জাম কিনতে যাচ্ছে ভারত। নতুন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার গত শনিবার এ ব্যাপারে একটি প্রস্তাব চূড়ান্ত করেন। ১৯৮৬ সালের বোফর্স কেলেঙ্কারির পর ভারতীয় সেনাবাহিনী প্রায় তিন দশকে কোনো কামান কেনেনি। খবর পিটিআইয়ের।
প্রতিরক্ষা ক্রয় পরিষদে (ডিএসি) প্রথম সভাপতিত্বের দিনেই ৮১৪টি কামান কেনার সিদ্ধান্ত নিলেন পারিকার। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, অস্ত্রগুলো কেনার সিদ্ধান্তটি দীর্ঘদিন ধরে অমীমাংসিত ছিল। অস্ত্র সংগ্রহের এই প্রক্রিয়ায় নতুন প্রস্তাব আহ্বান করা হবে। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো অংশ নিতে পারবে। তবে শীর্ষ অংশীদার হওয়ার ক্ষেত্রে ভারতীয় প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পাবে।
‘ক্রয় এবং তৈরি’ প্রক্রিয়ায় এসব কামান সংগ্রহ করা হবে। প্রক্রিয়াটি গত বছরই শুরু করা হয়েছে। এভাবে ১০০টি কামান বাইরে থেকে আনা হবে। আর বাকি ৭১৪টি ভারতেই বানানো হবে।
টাটা সন্স এবং ইউরোপীয় প্রতিষ্ঠান এয়ারবাসের যৌথ অংশগ্রহণে ভারতীয় বিমানবাহিনীর অভ্র বিমানবহরের পরিবর্তে ৫৬টি পরিবহন বিমান কেনার ব্যাপারে ডিএসি আরও তথ্য চেয়েছে। আর বিমানবাহিনীর জন্য আট হাজার ২০০ কোটি রুপি খরচ করে সুইজারল্যান্ডের নির্মিত ১০৬টি পিলাটুস মডেলের মৌলিক প্রশিক্ষণ বিমান কেনার জন্য একটি প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী পারিকার এ সব অস্ত্র ক্রয়ের প্রক্রিয়া ‘দ্রুত এবং স্বচ্ছ’ করার ওপর গুরুত্ব দিয়েছেন। বিদেশি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে প্রক্রিয়াটি নিয়ে আরও আলোচনা হবে বলেও একাধিক সূত্র জানিয়েছে।
প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী সুইডেনভিত্তিক প্রতিষ্ঠান বোফোর্স ও ভারত সরকারের মধ্যে ১৯৮৬ সালে একটি চুক্তি হয়। তখনকার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এতে বোফোর্সকে বাড়তি সুবিধা দিয়েছিলেন বলে ১৯৮৭ সালে অভিযোগ ওঠে। ওই ঘটনা পরে ‘বোফোর্স কেলেঙ্কারি’ হিসেবে পরিচিতি পায়। রাজীব গান্ধীর ক্ষমতা হারানোর পেছনে এ কেলেঙ্কারি অন্যতম বড় কারণ ছিল বলে পর্যবেক্ষকরা মনে করেন।