৯ বছর ধরে কোমায় প্রিয়রঞ্জন দাশমুন্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়রঞ্জন দাশমুন্সি
প্রিয়রঞ্জন দাশমুন্সি

নয় বছর ধরে কোমায় আছেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ প্রিয়রঞ্জন দাশমুন্সি। কথা বলতে পারেন না। কিছু বোঝেন না। শুয়ে আছেন দিল্লির অ্যাপোলো হাসপাতালের ৩০১ নম্বর কেবিনে। গতকাল মঙ্গলবার ছিল তাঁর ৭২তম জন্মদিন। দিনটি নীরবেই চলে গেল। তাঁর দল কংগ্রেসও পালন করেনি দিনটি।

২০০৮ সালের ১২ অক্টোবর হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন প্রিয়রঞ্জন দাশমুন্সি। তখন তিনি ছিলেন ভারতের কংগ্রেসদলীয় কেন্দ্রীয় সরকারের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী। এরপরেই ধীরে ধীরে তিনি বোধশক্তি হারান। নির্বাক হয়ে যান। কেন্দ্রীয় সরকার তাঁর প্রচুর চিকিৎসা করলেও তিনি আর সুস্থ হয়ে উঠতে পারেননি।

প্রিয়রঞ্জনের চিকিৎসার খরচ বহন করছে কেন্দ্রীয় সরকার। তবে সহধর্মিণী সাবেক সাংসদ দীপা দাসমুন্সি মাঝেমধ্যে অ্যাপোলোতে গিয়ে দেখাশোনা করে আসেন।

জানা গেছে গত সাত দিন ধরে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে। চিকিৎসকেরা তাঁর চিকিৎসা চালিয়ে গেলেও কোনো সাড়া মিলছে না। 

বাংলাদেশে জন্ম নিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের এই রাজনীতিক।