৯৬ হাজার রুপি ও অনাথ ভাইবোনের গল্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই মৃত মায়ের রেখে যাওয়া সাড়ে ৯৬ হাজার রুপি আবিষ্কার করল সূর্য ও সালোনি। তবে এই অর্থ পেয়ে খুশি হওয়ার বদলে বিপাকেই পড়েছে অনাথ ভাইবোন। মায়ের সারা জীবনের সঞ্চয় ওই অর্থগুলো পুরোটায় রয়েছে বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১০০০ রুপির নোটে, যার এখন আর কোনো মূল্য নেই।

সম্প্রতি রাজস্থানের কোটায় এই ঘটনা ঘটেছে।

একদম ছোট থাকতে সূর্য ও সালোনি বাবাকে হারায়। চার বছর আগে অস্বাভাবিক মৃত্যু হয় তাদের মা পূজা বানজারার। দিনমজুরের কাজ করতেন তিনি। তাদের ধারণা, হত্যা করা হয়েছে মাকে। মায়ের মৃত্যুর পর সরকারি সাহায্যপ্রাপ্ত একটা অনাথ আশ্রমে বেড়ে উঠছিল তারা। এখন সূর্যের বয়স ১৬ আর সালোনির বয়স ১২ বছর।

একদিন আশ্রম কর্তৃপক্ষ জানতে পারে, এই কিশোর-কিশোরীর দুটি বাড়ি রয়েছে।

এরপর গত ১৪ ফেব্রুয়ারি পুলিশকে সঙ্গে নিয়ে কোটার আর কে পুরম এলাকায় থাকা একটি বাড়িতে যায় আশ্রম কর্তৃপক্ষ। তাদের সঙ্গে সূর্য ও সালোনিও ছিল। সে সময় প্রতিবেশীরা জানান, তাদের মায়ের মৃত্যুর পর বাড়ির সব জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছে। তবে সূর্যের দাবি, প্রতিবেশীরাই তাদের সব জিনিসপত্র নিয়ে নিয়েছে।

এরপর পুলিশকে নিয়ে ১১ মার্চ তারা যায় কোটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সরওয়াড়াতে। সেখানে দুটি ঘরের একটি বাড়িতে থাকতেন তাদের মা। সেখান থেকে উদ্ধার হয় হাঁড়িপাতিল, থালাবাসনসহ ঘরের নানা জিনিস। পাওয়া যায় কিছু সোনা রুপার গয়নাও। এ সময় হঠাৎ করেই চোখে পড়ে ঘরের কোনায় থাকা একটি ট্রাঙ্ক। তালাচাবি ছাড়াই পড়ে রয়েছে ট্রাঙ্কটি। ট্রাঙ্ক খুলতেই পাওয়া যায় একটি বড় বালিশ, যার ভেতরে রয়েছে ৫০০ ও ১০০০ রুপির বাতিল ১৭১টি নোট, যার পরিমাণ ৯৬ হাজার ৫০০ রুপি।

গত বছরের ৮ নভেম্বর জরুরি এক ঘোষণায় সব ৫০০ ও ১০০০ হাজার রুপির নোট বাতিল করে মোদী সরকার। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াতে বাতিল নোট জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ। সেই হিসাবে এখনো সময়ও রয়েছে নোট বদলানোর। তবে ২২ মার্চ কেন্দ্রীয় ব্যাংক এই নোট জমা নিতে অস্বীকার করে। এতে রীতিমতো বিপাকে পড়েছে ওই কিশোর-কিশোরী।

পরে কোনো উপায় না দেখে প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি লিখেছে সূর্য। অনলাইনেও পোস্ট করা হয়েছে তার চিঠিটি। চিঠিতে সূর্য লিখেছে, ‘দয়া করে আমাদের মনের কথা শুনুন মোদিজি। আমাদের দেখাশোনার জন্য কেউ নেই। খুব ছোট ছিলাম, যখন বাবা চলে যান। আর মাকে খুন করা হয়েছে। আমরা সরকারের ঘরে এই টাকা জমা দিতে চাই। আমাদের টাকা ফেরত চাই। দয়া করে আমাদের সাহায্য করুন।’

কোটা শিশুকল্যাণ কমিটির চেয়ারম্যান হরিশ গুরুবক্সানি জানিয়েছেন, ওই কিশোরের লেখা চিঠি প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছেছে। এই ঘটনা জানাজানি হওয়ার পর সাহায্যের আশ্বাস দিয়েছেন কোটার সাংসদ ওম বিড়লা।

ওম বিড়লা বলেন, ‘খুব কষ্ট করে ছেলেমেয়েকে বড় করছিলেন তাদের মা। তাঁর এই সঞ্চয় উদ্ধারে সরকারের কাছে সব রকম সাহায্যের অনুরোধ করব।’

মন্ত্রীর আরও আশ্বাস দেন, ‘বিষয়টি আইনি জটে আটকে গেলেও জনসাধারণের কাছ থেকে চাঁদা তুলে সূর্য ও সালোনির পড়াশোনার ব্যবস্থা করা হবে। আমরা সকলেই তাদের দায়িত্বও নিতে প্রস্তুত।’

তবে আশ্বাস মিললেও এখন পর্যন্ত মায়ের সারা জীবনের সঞ্চয় হাতে আসেনি ওই দুই কিশোর-কিশোরীর। খবর: এনডিটিভি অনলাইন