'অপবাদ' ঘোচাতে মাঠ চষে বেড়াচ্ছেন দেবশ্রী রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেবশ্রী রায়
দেবশ্রী রায়

নিজ দলের একাংশের অভিযোগ, তিনি এলাকায় আসেন না। ওই নেতারা তাঁর নামের আগে ‘বহিরাগত’ তকমা এঁটে দলের মনোনয়ন দেওয়ার সক্রিয় বিরোধিতাও করেছিলেন। মনোনয়ন পাওয়ার পর তাই ‘বহিরাগত’ খেতাব থেকে মুক্তি পেতে এলাকা চষে বেড়াচ্ছেন তিনি।
এই ‘তিনি’ হলেন জনপ্রিয় অভিনেত্রী এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের রায়দিঘি আসনের তৃণমূল প্রার্থী দেবশ্রী রায়। গত নির্বাচনে এই আসন থেকেই তিনি তৃণমূল ও কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। পরাস্ত করেছিলেন সিপিএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়কে।
এবার মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে তৃণমূলের অনেক নেতা-কর্মী অভিযোগ করেন, দেবশ্রীকে এলাকায় পাওয়া যায় না। তাঁরা অন্য কাউকে প্রার্থী করার দাবি তুলেছিলেন। কিন্তু দল দেবশ্রীকেই মনোনয়ন দেয়।
এবারও দেবশ্রীর লড়াই হবে প্রবীণ সিপিএম নেতা ও তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়নমন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।
গত নির্বাচনে দেবশ্রী জিতেছিলেন তৃণমূল-কংগ্রেসের জোট প্রার্থী হয়ে। এবার কংগ্রেস জোট করেছে বাম দলের সঙ্গে। সে কারণে কান্তি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেবশ্রীর লড়াইটা সহজ হচ্ছে না। এই আসনে বিজেপির প্রার্থী সংঘমিত্রা চৌধুরী।
গতকাল শনিবার দুপুরে দেবশ্রী রায় প্রথম আলোকে বলেন, তিনি এলাকায় প্রচুর জনসংযোগ করছেন। তাঁর দাবি, তিনি এলাকায় যথেষ্ট উন্নয়নও করেছেন। ফলে মানুষ তাঁকে আবারও নির্বাচিত করবে।