'অসন্তুষ্ট' হলেও প্রকাশ্য মন্তব্য নেই ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসন্তোষ ও বিস্ময় প্রকাশ ছাড়া নেপাল সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে ভারত এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি নয়। তবে কাঠমান্ডুকে নয়াদিল্লি বুঝিয়ে দিয়েছে, তাদের ‘ঘরোয়া’ সমস্যায় ‘বাইরের রং চড়ানোর’ চেষ্টায় তারা অসন্তুষ্ট ও বিস্মিত।
কূটনৈতিক স্তরে অসন্তোষের কথা জানালেও ভারত এখনো নেপালের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য বা বিবৃতি দেয়নি। সূত্র অনুযায়ী, ভারত সে দেশের রাজনৈতিক ঘটনাবলির ওপর কড়া নজর রেখেছে। কোনো মন্তব্য করার আগে ভারত দেখে নিতে চায়, ঘটনাপ্রবাহ কোন খাতে বইছে। তবে নয়াদিল্লিতে সরকারিভাবে এখনো মনে করা হচ্ছে, যা ঘটেছে তা নেপালের অভ্যন্তরীণ বিষয়। ভারতকে তার জন্য দায়ী করা নিতান্তই অনুচিত।
নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারীর ভারত সফর একেবারে শেষ মুহূর্তে বাতিল করে দেন প্রধানমন্ত্রী খাগড়া প্রসাদ শর্মা অলি। শুধু তা-ই নয়, ভারতে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত দীপ কুমার উপাধ্যায়কেও দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। তিনি গতকাল পর্যন্ত কাঠমান্ডু ফিরে যাননি। দিল্লিতে গত সোমবার ভারতীয় সাংবাদিকদের তিনি বলেছেন, ফেরত যাওয়ার লিখিত নির্দেশের অপেক্ষায় রয়েছেন তিনি। তা না আসা পর্যন্ত তিনি রাষ্ট্রদূত থাকছেন।
প্রধানমন্ত্রী কেন তাঁর প্রতি অসন্তুষ্ট, কোনো রকম রাখঢাক না করেই দীপ কুমার তা জানাতে কুণ্ঠিত হননি। তাঁর বয়ান অনুযায়ী, নেপালে ভারতের রাষ্ট্রদূত রণজিৎ রাইয়ের সঙ্গে হাত মিলিয়ে তিনি সরকারের বিরোধিতায় নেমেছিলেন বলে অভিযোগ। এই অভিযোগ ‘ভিত্তিহীন’ মন্তব্য করে দীপ কুমার বলেছেন, তরাই অঞ্চলে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে এক অনুষ্ঠানে তাঁর যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। অভিযোগকারীদের চ্যালেঞ্জ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আমি একজন সাবেক রাজনীতিক। জনমনে আমার একটা জায়গা আছে। কোনো কুচিন্তা আমার মনে নেই।’
দীপ কুমার জানিয়েছেন, তিনি শেষ মুহূর্তে প্রেসিডেন্টের ভারত সফর বাতিলের বিরোধিতা করেছিলেন। প্রধানমন্ত্রী অলিকে বলেছিলেন, এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে মোটেই ভালো হবে না।
নতুন সংবিধান নিয়ে দীর্ঘ টানাপোড়েন, অসন্তোষ ও আন্দোলনের পর নেপালের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। রাজনৈতিক ও সামাজিক দিক থেকে দেশটির অবস্থা এখনো স্থিতিশীল নয়। অনেকেই মনে করেন, প্রধানমন্ত্রী অলির ‘অত্যধিক চীনপ্রীতি’ এবং ভারতের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ ভারত-নেপাল সম্পর্ককে বেশ বিষিয়ে দিয়েছে। তবু চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী অলির ভারত সফরের সময় অবস্থা কিছুটা শোধরাবে বলে মনে করা হচ্ছিল। কারণ, সেই সফরে অলি বলেছিলেন, দেশের রাজনৈতিক ও সাংবিধানিক সমস্যাগুলোর সুরাহা সাংবিধানিক কাঠামো, আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে করা হবে। ওই সফর ভুল-বোঝাবুঝির অবসান ঘটাবে বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি। অথচ সফরের দুই মাসের মধ্যেই পরিস্থিতি যে কে সেই। সন্দেহ ও অভিযোগের বাতাবরণে প্রেসিডেন্টের সফর বাতিল ও রাষ্ট্রদূতকে ফেরত নেওয়ার সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্ককে ফের টান টান করে তুলল। টাল খেল পারস্পরিক আস্থাও।
দীপ কুমার উপাধ্যায় এই প্রসঙ্গেই গত সোমবার সংবাদমাধ্যমকে বলেন, অন্য কোনো দেশ নয়, শুধু ভারতের সঙ্গেই নেপালের মানুষজনের ‘রোটি-বেটির সম্পর্ক’ রয়েছে।
অলি সরকার আপাতত সংকট কাটিয়ে উঠেছে। সমর্থন প্রত্যাহারের পথে এগিয়েও পিছিয়ে এসেছেন মাওবাদী নেতা প্রচণ্ড। কেন? সেই প্রশ্নের স্পষ্ট উত্তর এই মুহূর্তে নেই।