'অ্যাম্বাসেডর' ব্র্যান্ড কিনে নিল ফেঁশো
ভারতের প্রসিদ্ধ ‘অ্যাম্বাসেডর’ ব্র্যান্ড গাড়ির নতুন মালিক হতে যাচ্ছে ফ্রান্সের অন্যতম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেঁশো। গতকাল শুক্রবার এ বিষয়ে অ্যাম্বাসেডরের নির্মাতা প্রতিষ্ঠান সি কে বিড়লা গ্রুপের হিন্দুস্থান মোটরস লিমিটেড ফেঁশোর সঙ্গে ৮০ কোটি রুপির (প্রায় ৯৬ কোটি টাকা) একটি চুক্তি করেছে।
ইন্ডিয়া টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, চুক্তি অনুযায়ী অ্যাম্বাসেডরের ট্রেডমার্ক কিনে নিচ্ছে ফ্রেঞ্চ প্রতিষ্ঠানটি।
২০১৪ সালের মে মাসে অ্যাম্বাসেডর ব্র্যান্ডের গাড়ি উৎপাদন বন্ধের ঘোষণা দেয় হিন্দুস্তান মোটরস লিমিটেড। মূলত বাজারে চাহিদা কমে যাওয়া এবং তহবিল-সংকটের কারণে ৫০ বছরের বেশি সময় ধরে বাজারে থাকা এই গাড়ির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
ব্রিটিশ মরিস অক্সফোর্ড মডেলের অনুকরণে তৈরি অ্যাম্বাসেডর ভারতে তৈরি প্রথম গাড়ি। এমনকি একসময় এই গাড়ি মর্যাদার প্রতীক হিসেবে মনে করা হতো। বিশেষ করে সরকারি আমলা ও রাজনীতিবিদদের প্রথম পছন্দ ছিল অ্যাম্বাসেডর গাড়ি। কিন্তু ১৯৮০ সালের মধ্যভাগে মারুতি-সুজুকি কম দামে গাড়ি তৈরি ও বাজারজাত শুরু করলে এটি গাড়ির বাজারে কর্তৃত্ব হারায়।
এ ছাড়া নব্বইয়ের দশকের মধ্যভাগে বিশ্বের সমসাময়িক অত্যাধুনিক ও প্রযুক্তিনির্ভর নতুন নতুন গাড়ি ভারতের বাজারে প্রবেশ করায় আবারও হোঁচট খায় প্রতিষ্ঠানটি।