‘আমারও একটা পরীক্ষা আছে। ১২৫ কোটি ভারতীয় আমার পরীক্ষা নিতে যাচ্ছেন। আগামীকাল বাজেট’—‘মন কি বাত’ শিরোনামের নিয়মিত বেতার ভাষণে গতকাল রোববার এ কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির।
ভারতে মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের বোর্ডের পরীক্ষা আগামীকাল শুরু হচ্ছে। প্রসঙ্গটির উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদি আসন্ন জাতীয় বাজেটকে ওই পরীক্ষার সঙ্গে তুলনা করেন। তিনি গতকালের ভাষণে বলেন, ‘আমি সুস্থ এবং আত্মবিশ্বাসে ভরপুর। আশা করা যায়, আগামীকাল আমার এবং পরশুদিন তোমাদের পরীক্ষা ভালো হবে। আমরা যদি সফল হই, দেশ সফল হবে।’
৩৪ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী মোদি পরীক্ষার চাপ মোকাবিলায় সুস্থ ও আত্মবিশ্বাসী থাকার গুরুত্ব তুলে ধরেন। পরীক্ষায় ভালো করার উপায় সম্পর্কে ছাত্রছাত্রীদের উদ্দেশে বার্তা দেন ক্রিকেটার শচীন টেন্ডুলকার, দাবাড়ু বিশ্বনাথন আনন্দ, বিজ্ঞানী অধ্যাপক সিএনআর রাও এবং আধ্যাত্মিক নেতা মুরারি বাপুও। শিক্ষার্থীরা যেন শুধু অন্যের প্রত্যাশা পূরণের চেষ্টা না করে নিজেদের লক্ষ্য স্থির করে—এমন পরামর্শ দিয়ে শচীন টেন্ডুলকার বলেন, ‘নিজের লক্ষ্যগুলো স্থির করার মাধ্যমে আমি একটা সমাধান খুঁজে পেতাম। সব সময় সেগুলোই অর্জনের চেষ্টা করতাম।’
ভারতের পার্লামেন্টে আজ সোমবার কেন্দ্রীয় সরকারের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের বিষয়ে মোদির সরকারের কাছে জনগণের বিপুল প্রত্যাশার মধ্যে এই বাজেট দেওয়া হচ্ছে।