'আগে শান্তি, পরে ভোট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাগাল্যান্ডের রাজধানী কোহিমায় শুক্রবার হর্নবিল উৎসবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ছবি: প্রথম আলো
নাগাল্যান্ডের রাজধানী কোহিমায় শুক্রবার হর্নবিল উৎসবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ছবি: প্রথম আলো

শান্তি না ফিরলে কোনো নির্বাচন নয়। ভারতের নির্বাচন কমিশনকে সাফ জানিয়ে দিয়েছেন নাগাল্যান্ডের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা। তাঁদের দাবি, দ্রুত নাগা সমস্যার রাজনৈতিক সমাধান করতে হবে। তারপরই হবে ভোট।

দীর্ঘদিন ধরে জঙ্গি সমস্যায় জর্জরিত উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ডে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ১৪ মার্চ। ফলে ফেব্রুয়ারি মাসের মধ্যেই ভোট অনিবার্য। কিন্তু নাগাল্যান্ডের জনপ্রতিনিধিরা শান্তি না ফিরলে ভোটে যেতে রাজি নন।

ভারত সরকারের সঙ্গে নাগা জঙ্গিদের শান্তি আলোচনা চলছে বেশ কয়েক বছর ধরেই। গতকাল শুক্রবারই নাগাল্যান্ড সফরে এসে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সেখানে শান্তি প্রতিষ্ঠার কথা বলেন। কিন্তু জঙ্গিদের সঙ্গে শান্তিচুক্তি কবে হবে অথবা কী কী শর্তে চুক্তি হচ্ছে সে বিষয়ে কোনো কথা বলেননি।

নাগাল্যান্ডের বর্তমান বিধায়ক ও সাংসদদের পাশাপাশি সাবেক বিধায়ক ও সাংসদদের একটিই দাবি, আগে শান্তি ফেরাতে হবে। পরে হবে ভোট। বিজেপি সমর্থিত নাগাল্যান্ড পিপলস পার্টির সরকারও একই দাবির অংশীদার। নির্বাচন কমিশনকে রাজ্যবাসীর এই অভিমত লিখিতভাবে জানিয়েও দিয়েছেন মুখ্যমন্ত্রী টি আর জেইলিং।

আজ শনিবার কোহিমায় সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ‘শান্তি আলোচনার নামে দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলিয়ে রাখা চলবে না। রাজ্যবাসী চায় শান্তি আলোচনার সুফল। দীর্ঘ আলোচনা অনেক হয়েছে। এখন ফল লাভের সময়।’

শোনা যাচ্ছে বৃহত্তর নাগাল্যান্ডের দাবি মেনেই হচ্ছে শান্তিচুক্তি। কিন্তু এ বিষয়ে বিজেপি শাসিত রাজ্য অসম ও মণিপুরের আপত্তি রয়েছে। কোনো রাজ্যই নিজেদের জমি ছাড়তে নারাজ। অন্যদিকে নাগা অধ্যুষিত এলাকার দাবি ছেড়ে শান্তিচুক্তি স্বাক্ষরে রাজি নয় নাগারা। এ নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারত সরকারের ওপর চাপ বাড়াতে ভোট নিয়ে শর্ত জুড়ে দিলেন নাগা জনপ্রতিনিধিরা।

তবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। রাজ্যপাল পি বি আচারিয়া এবং মুখ্যমন্ত্রী টিআর জেইলিঙের উপস্থিতিতে রাজনাথ সিং বলেন, ‘নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নাগাল্যান্ডে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সরকার নিজের প্রতিশ্রুতি রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

বিরোধী দল কংগ্রেস অবশ্য মনে করছে শান্তি আলোচনার নামে মানুষকে বোকা বানানোর খেলা খেলছে বিজেপি। প্রদেশ কংগ্রেস সভাপতি কে থেইরির মতে, ‘বিজেপি শান্তিচুক্তির বদলে সমস্যাকে জিইয়ে রেখে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে।’