'আন্ধেরি দিন খতম', তসলিমাকে থাকতে দিচ্ছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তসলিমা নাসরিন
তসলিমা নাসরিন

ভারতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে দেশটি রেসিডেন্ট পারমিট (আবাসিক অবস্থানের অনুমতি) দিয়েছে। আজ শনিবার তসলিমা দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে আবাসিক ভিসার আবেদন জানানোর পর তাঁকে ওই ভিসা দেওয়া হয়।

বার্তা সংস্থা আইএনএসের খবরে এ কথা জানানো হয়েছে। এর ফলে এখন তসলিমার দীর্ঘমেয়াদে ভারতে অবস্থানে আর কোনো বাধা রইল না। আজ নিজের টুইটার অ্যাকাউন্টে তসলিমা লিখেছেন, ‘আজ বিকেলে মাননীয় মন্ত্রী রাজনাথ সিংজির সঙ্গে দেখা করেছি। তাঁকে আমার বই ‘ও আন্ধেরি দিন’ (সেই সব অন্ধকার) উপহার দিয়েছি। তিনি বলেছেন “আপকা আন্ধেরি দিন খতম হো জায়েগা” (আপনার অন্ধকার দিন শেষ হবে)।’

গত ৩১ জুলাই তসলিমার রেসিডেন্ট পারমিট বাতিল করে ভারত সরকার। এর বদলে তাঁকে দুই মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা  দেওয়া হয়।রেসিডেন্ট পারমিট নবায়নের জন্য গত ২৬ জুন আবেদন করেন তসলিমা। ৩১ জুন তাঁর পারমিট বাতিল করা হয়। ২০০৪ সালের আগ পর্যন্ত তসলিমা ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে থাকতেন। ২০০৪ সাল থেকে তাঁকে রেসিডেন্ট পারমিট দেওয়া হয়। প্রথমে ছয় মাসের এবং পরবর্তী সময় এক বছর করে এ পারমিট দেওয়া হতো।

আন্দোলনের মুখে ২০০৭ সালে তসলিমাকে কলকাতা থেকে চলে যেতে বাধ্য করা হয়। ভারতে ইউপিএ সরকার তাঁকে ২০০৮ সাল পর্যন্ত গৃহবন্দী করে রাখে। তার পরও তসলিমার রেসিডেন্ট পারমিট বাতিল করেনি তারা। ২০১১ সাল থেকে স্থায়ীভাবে দিল্লিতে থাকছিলেন তিনি।