'আম-আদমির' জীবন কাটাচ্ছেন তাঁরা

বিজেপির নরেন্দ্র মোদি-ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে কংগ্রেসের বাগান। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিজেপি, আর বিরোধীদের আসনে বসেছে কংগ্রেস।
বিরোধী সারিতেও কংগ্রেসের পূর্ণ হয়েছে দুই মাস। ক্ষমতা বলয়ের বাইরে মনমোহন সিংসহ কংগ্রেসের মন্ত্রীরা আর দশজন সাধারণ মানুষের মতো কীভাবে জীবন কাটাচ্ছেন, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
মনমোহন সিং: দিল্লির ৭ রেসকোর্সে প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী বসতি গেড়েছেন ৩ মতিলাল নেহরু রোডের বাসায়। খানিকটা অবসর জীবন যাপন করছেন। তবে বাজেট অধিবেশনে তিনি প্রতিদিন যোগ দিয়েছেন। বেশ নীরবে অধিবেশনে গেছেন, কার্যক্রম দেখে আবার নীরবে ফিরে এসেছেন।
গত রোববার কংগ্রেস-প্রধান সোনিয়া গান্ধীর দেওয়া ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে মনমোহন সিং নির্বাচন-পরবর্তী সময়ে প্রথমবারের মতো রাজনৈতিক বিষয়ে মন্তব্য করেন। বেশির ভাগ সময় তিনি বাড়িতে পড়াশোনা করে ও টিভিতে খবর দেখে এবং পরিবার ও দর্শনার্থীদের সঙ্গে সময় পার করেন। বর্তমানে তিনি আত্মজীবনী লিখছেন। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য হলেও তাঁকে দলের কাজে তেমন তত্পর দেখা যাচ্ছে না।
পি চিদাম্বরম: সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম কংগ্রেসের জন্য এখনো বেশ গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি নিজেও বেশ খেলা পছন্দ করেন। বিশ্বকাপ ফুটবলের সময়টায় তিনি খেলা দেখতে ছেলের সঙ্গে ব্রাজিলে ছিলেন। কর্নাটক থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভায় যাওয়া চিদাম্বরমের ওপর আস্থা রাখেন সোনিয়া গান্ধী। তবে দলীয় কর্মকাণ্ডে তিনি কতটা সম্পৃক্ত হবেন, সেটি আসলে নির্ভর করছে কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী ও দলের সহসভাপতি রাহুল গান্ধীর চাওয়ার ওপর।
সুশীলকুমার সিন্ধে: মনমোহন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সুশীলকুমার সিন্ধে। তবে এবারের লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র থেকে জিতে আসতে পারেননি তিনি। নির্বাচনের পর থেকে তিনি বেশির ভাগ সময় মহারাষ্ট্রেই কাটাচ্ছেন। দলের ওয়ার্কিং কমিটির সদস্য তিনি। তবে দৃশ্যত দলের কাজে তত্পরতা দেখাচ্ছেন না।
সালমান খুরশিদ: মনমোহনের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সালমান খুরশীদ। ক্ষমতার পালাবদলের পর ফিরে গেছেন নিজের আইন পেশায়। লোকসভা নির্বাচন-পরবর্তী সময়ে প্রথমবারের মতো পত্রিকার প্রথম পাতায় ছবি আসে সেদিন, যেদিন তিনি তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের পক্ষে সুপ্রিম কোর্টে লড়েন। ওই মামলায় তরুণ জামিন পান। মন্ত্রিত্ব ছাড়ার পর দিনের বেশির ভাগ সময় তিনি আদালতে মক্কেলদের জন্য পার করছেন। রাজনীতিতে না থেকে আইন পেশায় থাকলেই তিনি বেশি ভালো করতেন বলে তাঁর শুভাকাঙ্ক্ষীরা মনে করেন।