'আমি আত্মঘাতী মিশনে আছি'
রাত ১টা ৫৮ মিনিট। ফোন করে বললেন,‘আমি একটি আত্মঘাতী মিশনে রয়েছি।’ অপর প্রান্ত চুপচাপ। তাই ফোনের এ প্রান্ত থেকে আবারও বললেন, ‘আমি আত্মঘাতী মিশনে আছি। আল্লাহ আমাদের সবাইকে দেখে রাখবেন।’
ভারতের পাঠানকোটে বিমানঘাঁটিতে হামলা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো আড়ি পেতে একটি টেলি আলাপে এই কথাগুলো শুনতে পায়। এ কলটি ছিল ৭০ সেকেন্ডের। তিনি তাঁর মাকে এই ফোনটি করেছিলেন বলে এনডিটিভির খবরে বলা হয়।
এই ফোনের দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে পাঞ্জাবের পাঠানকোটে বিমানঘাঁটিতে গুলির শব্দ শোনা যায়। সেখানে মিগ-২১ ও মিগ-২৯ যুদ্ধবিমান রয়েছে। গত শুক্রবার শেষ রাতে সেনাপোশাক পরা কয়েকজন সন্ত্রাসী ওই ঘাঁটিতে ঢুকে দেদার গুলি চালায়। তাদের মোকাবিলা করেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দুই পক্ষের লড়াইয়ে চার সন্ত্রাসী ও তিন সেনা সদস্যের মৃত্যু ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও তিন সেনা সদস্য।
তাৎক্ষণিকভাবে কোনো জঙ্গি সংগঠন হামলার দায় না নিলেও মনে করা হচ্ছে, ‘পাকিস্তানি মদদপুষ্ট’ জয়শ-ই-মহম্মদই এর জন্য দায়ী।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, টেলিফোনটি পাকিস্তানে করা হয়েছিল। রাত সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে এই ফোনটি করা হয়। তিনি পাঞ্জাবি ও মুলতানি ভাষায় কথা বলছিলেন।
এ ছাড়া আর তিনটি টেলি আলাপে সন্ত্রাসী কর্মকাণ্ডের ইঙ্গিত পেয়েছিল গোয়েন্দা সংস্থাগুলো। এর মধ্যে ৮৭ সেকেন্ডের একটি ফোনালাপে অপরপক্ষ থেকে সবকিছু নিয়ন্ত্রণে আছে কি না, তা জানতে চাওয়া হয়। এই পাশ থেকে বলা হয় ‘হ্যাঁ’। তখন এই সন্ত্রাসীকে টার্গেট এলাকায় প্রবেশ করতে বলা হয়। বলে, বিমানবাহিনীর সম্পদ, হেলিকপ্টার, যুদ্ধবিমান ও প্লেন সব উড়িয়ে দাও।
তবে গোয়েন্দা সংস্থাগুলো ফোনালাপের একটি বাক্য নিয়ে গোলমেলে অবস্থায় পড়ে যায়। সন্ত্রাসী বলেছিল, ‘তাকে বোঝাও। আমরা উদ্বিগ্ন।’
প্রথম ফোনালাপটি ছিল প্রায় এক মিনিটের। যিনি ফোন করেন তাঁর সঙ্গে পর্যায়ক্রমে তিনজন কথা বলেন। ফোনটি করা হয়েছিল সীমান্তের এপার থেকে।
দ্বিতীয় ফোনটি করা হয় রাত ১২টা ৫২ মিনিটের দিকে। সন্দেহ করা হচ্ছে আজকের হামলার নির্দেশদাতা ছিলেন তিনি। তিনি ৩২ সেকেন্ডের ওই কলে পর্যায়ক্রমে দুজনকে হামলার বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন।