'আমি চোর, আমাকে গ্রেপ্তার করুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কলকাতা শহরে আজ সোমবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।
ভারতের কলকাতা শহরে আজ সোমবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও দেশটির কেন্দ্রীয় সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়েছেন।

কত বড় জেল আছে তৈরি রাখুন: মমতাআজ সোমবার বিকেলে মমতার নেতৃত্বে কলকাতায় তৃণমূল কংগ্রেস এক ‘মহা মিছিল’ করে। মিছিলে ‘রাজনৈতিক ষড়যন্ত্রে আমি চোর, আমাকে গ্রেপ্তার করুন’-এমন বাণী লেখা পোস্টার হাতে মিছিল করেন দলটির নেতা-কর্মীরা। মিছিলটি কলকাতার কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে শেষ হয়।

মিছিল শেষে এক সমাবেশে মমতা বলেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। তাঁকে ‘চোর’ বানানোরও চক্রান্ত করছে বিজেপি। তিনি বলেন, ‘আমাকে চমকালে, আমি গর্জাবো।’

মমতা অভিযোগ করে বলেন, ‘দাঙ্গাগুরু’ মোদি দেশজুড়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। গোটা দেশে সামপ্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, ‘সেটা আমরা হতে দেব না। গুজরাটে উনি দাঙ্গা করেছেন । আর দাঙ্গা নয়। এখন ধ্বংস নয়, চাই সৃষ্টি।’

তৃণমূল কংগ্রেসের নেত্রী বলেন, ‘দেশটাকে এখন বিক্রি করে দিতে চাইছেন মোদি। আর এই দেশটাকে বিক্রি করে উনি “নোবেল প্রাইজ” পেতে চাইছেন। বিদেশে গচ্ছিত কালোটাকা অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবি করেন মমতা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রের। অনুপ্রবেশ রোখার দায়িত্বও কেন্দ্রীয় সরকারের। তিনি এই অনুপ্রবেশ রুখতে পশ্চিমবঙ্গবাসীকে অনুপ্রবেশের ওপর নজর রাখতে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করবে রাজ্য সরকার।

রাজ্য কংগ্রেসের কটাক্ষ
মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় রাজ্য কংগ্রেসের প্রবীণ নেতা আবদুল মান্নান কটাক্ষ করে বলেছেন, ‘চোরের মায়ের বড় গলা।’ তিনি দাবি করেন, সারদা-কাণ্ডে জড়িয়ে পড়ে মমতা দলকে চাঙা রাখতে এসব কথা বলছেন। অথচ এই তৃণমূলই সারদার কাছ থেকে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে।