'আমি ভাত খাব'

করোনা মহামারি ঠেকাতে সারা বিশ্বের অন্য দেশের মতো লকডাউন জারি হয়েছে ভারতেও। ১৩০ কোটি মানুষের এই দেশকে স্থবির করে দেওয়া সহজ নয়। ঘরে বন্দী কোটি কোটি নিম্ন আয়ের মানুষ। স্বাভাবিক সময়েই যাদের দু বেলা খাবার জোটাতে হিমশিম খেতে হয়। কর্মহীন হয়ে এখন যেন জীবন আরও দুঃসহ হয়ে উঠেছে তাঁদের। এমন অবস্থায় কিছু কিছু মানুষের উদ্যোগ আশার আলো দেখায়। মানুষের প্রতি মানুষের ভরসার জায়গা তৈরি হয়।
অন্যগুলোর মতো ভারতের ব্যস্ত নগরী মুম্বাইও এখন শান্ত। মানুষের কোলাহল নেই, ছুটে চলার তাড়া নেই। শুনতে ভালো লাগলেও এত সহজ নয় বাস্তবতা। কাজ যেমন নেই, খাওয়াও তেমন জুটছে না অনেকের। এ অবস্থায় শহরে একটি রেস্তোরাঁ চলছে। ৮ থেকে ১০ জন মানুষ দিনভর কাজ করছেন, বড় বড় পাত্রে রান্না হচ্ছে চাল ডাল মিলিয়ে খিচুড়ি—এমন দৃশ্য যেন অবাক করে। আসলে গরিব মানুষগুলোর জন্যই প্রতিদিন রান্না হয় এই খিচুড়ি। উদ্যোক্তাদের লক্ষ্য হলো প্রতিদিন গৃহহীন দুস্থ ৫ হাজার জনকে বিনা মূল্যে খাবার সরবরাহ করা।
কারা এই উদ্যোক্তা
মুম্বাইয়ের এই রেস্তোরাঁটি কাজ করছে খানা চাহিয়ে ডট কমের হয়ে। আরও ৫টি রেস্তোরাঁ আছে এই সংস্থার অধীনে। বর্তমানে প্রায় ৭০ হাজার মানুষের জন্য বিনা মূল্য খাবার তৈরি করা হয়। সেগুলো প্যাকেট করে সরবরাহ করা হয়। ওয়েবসাইটের মাধ্যমে দান অনুদান ও ক্ষুধার্ত মানুষের সন্ধান পান তাঁরা। অলাভজনক প্রতিষ্ঠান খানা চাহিয়ে ডট কমের প্রতিষ্ঠাতা শিশির যোশি। মুম্বাই তাঁর কাজের মূল কেন্দ্রস্থল। গণমাধ্যম আল জাজিরাতে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন, চারদিকে কেবল ক্ষুধার্ত মানুষের কথা শুনতে পাচ্ছিলাম। এ নিয়ে এক বন্ধুর সঙ্গে আলাপের সময় ধারণাটা মাথায় আসে। আমি তখন আরও দুজনকে বললাম। তাদের মধ্যে একজন হলেন স্থানীয় রাজনীতিবিদ রুবেন মাসকারেনহাস।
মাসকারেনহাস বলেন, ‘শহরের বিভিন্ন জায়গা থেকে ক্ষুধার্ত মানুষের কল পাই আমি। লকডাউনের কারণে কর্মহীন হয়ে নিঃস্ব তাঁরা। আমরা তিনজন মিলে ২৯ মার্চ থেকে এই কার্যক্রম শুরু করি। প্রথমে ১২০০ জনকে খাদ্য সরবরাহ করি। কেবল একটা রাস্তা ধরে খাবার দিতে গিয়েই দেখি ১২০০ জন হয়ে গেল। বুঝলাম পরিসর আরও বাড়াতে হবে।’
যোশি বলেন, ‘আমরা আরও স্বেচ্ছাসেবী মানুষের খোঁজ করলাম। অল্প কয়েকটি রেস্তোরাঁ নাম মাত্র মূল্যে রান্না করে দিতে রাজি হলো। এদের একজন নিতি গোয়েল। তিনি তাঁর পাঁচটি রেস্তোরাঁ খানা চাহিয়ে ডটকমের উদ্যোগের জন্য কাজ করতে দিলেন।’
নিতি গোয়েল বলেন, ‘পত্রিকায় একটা প্রতিবেদন পড়ে খুব কষ্ট লেগেছিল। এক বাবা ক্ষুধার্ত সন্তানকে কিছু না থাকায় কাদা খেতে দিয়েছেন। এই খবর আমাকে প্রচণ্ড কষ্ট দেয়।’
যেভাবে বিতরণ করা হচ্ছে খাবার
মাসকারেনহাস জানান, প্রতিদিন সকাল সাড়ে ১১টায় ছয়টি ট্রাকসহ কয়েকটি ব্যক্তিগত গাড়ি আলাদা এলাকা থেকে ছেড়ে যায়। শহরের নির্জন বড় রাস্তায় চলে যায়। আগেই আমরা স্থানীয় এনজিওগুলোর সঙ্গে সমন্বয় করি যারা অতি প্রয়োজন এমন মানুষ শনাক্ত করতে সহায়তা করে। বেলা ৩টা পর্যন্ত চলে এই বিতরণ।
যে কষ্ট মানুষের
আট বছরের ইন্দ্রজিৎ কত দিন ঠিক মতো খেতে পায়নি। এক প্যাকেট পেয়ে আনন্দে লাফ দিয়ে উঠে সে। চিৎকার করে বলে, ‘আমি ভাত খাব।’ এ দৃশ্য চোখে পানি এনে দেয় স্বেচ্ছাসেবীদের। প্রতিটি এলাকায় স্থানীয় সমন্বয়কারীরা শারীরিক দূরত্বের বিষয়টি খাবার নিতে আসা মানুষকে বোঝালেও তারা যেন বুঝতেই পারছেন না। শিশু, নারীসহ সব বয়সের পুরুষেরা সেখানে খাবারের জন্য অপেক্ষা করেন। ছেলেরা বেশির ভাগই দিনমজুর। নারীরা বাসাবাড়িতে কাজ করেন। করোনার কারণে এদের অনেককেই ছাঁটাই করা হয়েছে। এক প্যাকেট খাবার পেয়ে এ মানুষগুলোর যে খুশি তাই ভুলিয়ে দেয় স্বেচ্ছাসেবীদের সব কষ্ট।