'আমি সৈনিক, আমার অনুশোচনা নেই'
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) টুইটার অ্যাকাউন্ট পরিচালনার অভিযোগে ভারতে গ্রেপ্তার হওয়া মেহদি মাসরুর বিশ্বাস বলেছেন, ‘আমি একজন সৈনিক ও বার্তাবাহক। আমার কাজের জন্য আমি অনুতপ্ত নই।’
আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ পাহারায় বেঙ্গালুরুর একটি আদালত থেকে বের হয়ে এক আইনজীবীর প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ২৪ বছর বয়সী মেহদি। আদালত গতকাল মেহদিকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন। আদালতের বিশেষ বিচারক সোমারাজু এ নির্দেশ দেন। এ সময় আদালতে তাঁর বাবা-মাও উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, মেহদি মাসরুরের জন্ম পশ্চিমবঙ্গে। তিনি ভারতে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নির্বাহী হিসেবে কাজ করতেন। আইএসের পক্ষে টুইটারে হাজারো বার্তা টুইট ও রিটুইট করেছেন মেহদি। এ কারণে গত শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। ওই রিমান্ড শেষে গতকাল তাঁকে আদালতে হাজির করা হলে আদালত আরও ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।