'আম্মা' সুস্থ হয়ে উঠবেন, বলছে তাঁর দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা অস্ত্রোপচারের পর ভালো আছেন বলে তাঁর দল এআইএডিএমকের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ সোমবার সকালে জয়ললিতার হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে। তবে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসকেরা বা ওই হাসপাতালের পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থার ব্যাপারে কিছু জানায়নি।

জয়ললিতা ফুসফুসের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে তিন মাস ধরে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার হৃদ্‌রোগে আক্রান্ত হন। আজ সকালে দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর প্রভাবশালী এই রাজনীতিকের হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে।

এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়েছে, জয়ললিতার দল এআইএডিএমকের বরাত দিয়ে বলা হয়েছে, জয়ললিতা হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর আজ সকালে হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর দলের মুখপাত্র সি আর সরস্বতী বলেন, ‘আজ সকালে “আম্মা”র এনজিওগ্রাম করা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, চিন্তা কোরো না। আম্মা সুস্থ হয়ে উঠবেন।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের দলের সমর্থকদের বলেছি, চিন্তা করবেন না। ঈশ্বর আম্মার সঙ্গে আছেন, তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। নিশ্চিতভাবে তিনি সুস্থ হয়ে উঠবেন।’

বিশেষজ্ঞদের একটি দল জয়ললিতাকে চিকিৎসা দিচ্ছে এবং সার্বক্ষণিক নজর রাখছে। জয়ললিতাকে ইকোএমওতে (এক্সট্রা-করপোরাল মেমব্রান্স অক্সিজেন ডিভাইস) রাখা হয়েছে। এই যন্ত্রের সাহায্য তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁর ফুসফুস বা হার্ট কাজ করছে না।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বলেন, দিল্লির এআইআইএমএস থেকে চারজন চিকিৎসক চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়েছে।

৬৮ বছর বয়সী এই রাজনীতিকের গুরুতর শারীরিক অসুস্থতার খবর শুনে তাঁর দল এআইএডিএমকের কর্মী-সমর্থকেরা হাসপাতালের সামনে ভিড় করছেন। তাঁরা তাঁদের প্রিয় ‘আম্মার’ শারীরিক অবস্থার খবর জানতে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে আছেন। কর্মী-সমর্থকদের ভিড় ঠেকাতে অ্যাপোলো হাসপাতালের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

একসময়ের অভিনেত্রী জয়ললিতাকে তাঁর লাখ লাখ সমর্থক ‘আম্মা’ বলে সম্বোধন করে থাকেন।

গত ২২ সেপ্টেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মুখ্যমন্ত্রী জয়ললিতা। ওই সময় তাঁর দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, পানিশূন্যতা ও জ্বরে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁর অসুস্থতা যে অনেক বেশি মারাত্মক, পরে তা স্পষ্ট হয়। তাঁকে কয়েক সপ্তাহ ধরে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস নিতে হয়। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য দিল্লি ও লন্ডন থেকে বিশেষজ্ঞরা এসেছেন।

আরও পড়ুন: