জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নয়, কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীকে ‘আলুর ফ্যাক্টরি’র মতো বিষয়েই মন দেওয়ার পরামর্শ দিয়েছেন বিজেপির সভাপতি অমিত শাহ। গতকাল শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি বিরোধী দলের এ নেতাকে ওই পরামর্শ দেন।
উত্তর প্রদেশে সম্প্রতি কৃষকদের এক সমাবেশে রাহুল গান্ধী বলেন, ‘আমি কৃষকদের জন্য আলুর ফ্যাক্টরি খুলতে পারছি না।’ কারণ হিসেবে বিরোধী দলে থাকার কথা উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে রাহুল অভিযোগ করেন, পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে পরিচালিত ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর কৃতিত্ব সেনাবাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকার।
রাহুল গান্ধীর এসব মন্তব্যের জবাবে বিজেপির সভাপতি গতকালের সংবাদ সম্মেলনে বলেন, ‘রাহুল গান্ধীর বড় কোনো ইস্যুতে কথা না বলে আলুর ফ্যাক্টরিতেই মনোযোগী হওয়া উচিত।’
ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী আস্তানায় সার্জিক্যাল স্ট্রাইকের ঘোষণা আসার পরপরই কংগ্রেসসহ প্রায় সব বিরোধী দল একে স্বাগত জানায়। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই অভিযানের প্রমাণ উপস্থাপনের দাবি তুলতে শুরু করেন কেউ কেউ।