'ইতিহাস বিকৃত করবেন না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিশিষ্ট ইতিহাসবিদেরা সুপ্রতিষ্ঠিত ঐতিহাসিক সত্যের পরিপন্থী বক্তব্য না দিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস অ্যাসোসিয়েশনের ৭৫তম অধিবেশন শেষে গৃহীত ঘোষণায় এই আহ্বান জানানো হয়। খবর এনডিটিভির।
রোববার শুরু হওয়া অধিবেশনে দুই হাজারের বেশি ঐতিহাসিক অংশ নেন। এর ঘোষণায় আরও বলা হয়, প্রকৃত ইতিহাসবিদেরা তাঁদের পেশাগত মূল্যবোধ রক্ষায় সচেষ্ট থাকবেন এবং ইতিহাসের উদ্দেশ্যমূলক বিকৃতি প্রতিহত করবেন।
ইতিহাসবিদেরা এ সময় হিন্দু দেবতা গণেশকে নিয়ে গত অক্টোবরে করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি উক্তির উল্লেখ করেন। মোদি বলেছিলেন, গণেশ প্লাস্টিক সার্জারির ফসল। প্রসঙ্গত, ‘সিদ্ধিদাতা’ হিসেবে পূজিত দেবতা গণেশের দেহ মানবাকৃতির হলেও মুখটি হাতির।
ভারতের সুপরিচিত ইতিহাসবিদ অধ্যাপক আদিত্য মুখার্জি বলেন, মোদির ইতিহাস এবং পৌরাণিক কাহিনি গুলিয়ে ফেলা উচিত নয়।
সম্মেলনে পাঠ্যবইয়ে পরিবর্তন আনার চেষ্টাসহ বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়।