'ইন্ডিয়াস ডটার' এর নিষেধাজ্ঞা তুলে নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নারীদের লাঞ্ছনা নিয়ে বিবিসির প্রামাণ্যচিত্র ইন্ডিয়াস ডটার-এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সম্পাদকদের সংগঠন ‘এডিটরস গিল্ড’। খবর পিটিআইয়ের।
গত শুক্রবার সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, নারীর স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তার মতো বিষয় নিয়ে নির্মিত ইতিবাচক ও শক্তিশালী প্রামাণ্যচিত্রটি দেখার সুযোগ জনগণকে দেওয়া উচিত। প্রচার বন্ধ রাখার সরকারি পদক্ষেপ ‘সম্পূর্ণ অন্যায্য’। এর শক্তি ও বক্তব্য বুঝতে ভুল হওয়ার কারণেই এমনটা হয়েছে।
নয়াদিল্লিতে ২০১২ সালে গণধর্ষণের শিকার ২৩ বছর বয়সী এক ছাত্রীর (‘নির্ভয়া’) মৃত্যু-পরবর্তী পরিস্থিতি তুলে ধরা হয়েছে প্রামাণ্যচিত্র ইন্ডিয়াস ডটার-এ। এটি বিবিসিতে গত বৃহস্পতিবার প্রচারিত হয়। আদালতের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ভারতে এর সম্প্রচার বন্ধ রাখা হয়েছে। ছবিটি ‘নারীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করেছে’—এমন যুক্তি দেখিয়ে তার সম্প্রচার নিষিদ্ধ করা হয়। তা ছাড়া এতে নির্ভয়া যে বাসে গণধর্ষণের শিকার হয়েছিলেন, সেই বাসের চালক মুকেশ সিংয়ের সাক্ষাৎকার রয়েছে। তিনি প্রামাণ্যচিত্রে ধর্ষণের পক্ষে সাফাই গেয়েছেন।