'এক দেশ, এক ভোটের' প্রচারে সোচ্চার মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স
নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স

কেন্দ্রীয় প্রকল্পগুলোর সার্থক রূপায়ণের পাশাপাশি সুনির্দিষ্ট প্রচারকে হাতিয়ার করে দলীয় মুখ্যমন্ত্রীদের ভোটের জন্য প্রস্তুত হওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার দিল্লিতে দলীয় সদর দপ্তরে বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীদের সম্মেলনে এই প্রস্তুতির কথা শুনিয়ে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের তুলনায় কেন তাঁর সরকার আলাদা, কাজের খতিয়ান তুলে ধরে মানুষকে তা বোঝানোর দায়িত্ব মুখ্যমন্ত্রীদেরই নিতে হবে।

দিনভর এই বৈঠকে মোদির সঙ্গে ছিলেন দলের সভাপতি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পরিবহনমন্ত্রী নিতিন গড়কড়ি। মুখ্যমন্ত্রীদের বলা হয়, দেশের স্বার্থে কেন লোকসভা ও বিধানসভার ভোট একসঙ্গে হওয়া উচিত, তা ব্যাখ্যা করতে হবে। মোদি বেশ কিছুদিন ধরেই ‘এক দেশ এক ভোট’-এর প্রয়োজনীয়তার কথা বলে আসছেন। দুদিন আগে তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানেও তিনি এই বিষয়টির ওপর জোর দেন।

লোকসভার সঙ্গে বিধানসভার ভোট একসঙ্গে হলে তত্ত্বগতভাবে লাভ ছাড়া ক্ষতি নেই। প্রথমত, একই সঙ্গে ভোট হলে খরচ অর্ধেক হয়ে যাবে। দ্বিতীয়ত, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে লোকসভা ও বিধানসভার ভোট হলে উন্নয়নের কাজ অব্যাহত থাকবে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় ভোট হলে আচরণবিধি অনুযায়ী উন্নয়নমূলক কাজ বন্ধ রাখতে হয়। এতে প্রকল্প খরচ যেমন বেড়ে যায়, প্রকল্প শেষ হতেও তেমন সময় লাগে বেশি। 

এক দেশ এক ভোটের এই প্রস্তাব ভারতের নির্বাচন কমিশনের অনুমোদন এখনো পায়নি। মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, এই রীতি চালু করতে গেলে প্রয়োজন সাংবিধানিক বৈধতা। সে জন্য সংবিধান সংশোধন করতে হবে। বিজেপি শীর্ষ নেতৃত্বের তা অজানা তা নয়। তবুও প্রধানমন্ত্রী মোদি একসঙ্গে ভোট চাইছেন তত্ত্বগত নয়, নিতান্তই রাজনৈতিক কারণে। তিনি জানেন, বিরোধীদের সম্মতি এই বিষয়ে আদায় করা প্রায় অসম্ভব। ইতিমধ্যেই সেই প্রতিরোধ শুরুও হয়েছে। তবু তিনি এই প্রশ্নে অনড়, যাতে বিজেপি রাজনৈতিক সুবিধা পায়।
আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে লোকসভা নির্বাচন করে ফেলতে হবে। তার আগে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে চার রাজ্যের বিধানসভা ভোট। এগুলোর মধ্যে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ক্ষমতায় বিজেপি। মিজোরামে কংগ্রেস। এই রাজ্যগুলোর ভোট এপ্রিল-মে মাসে লোকসভার সঙ্গে করতে গেলে রাজ্যগুলোতে স্বল্প সময়ের জন্য রাষ্ট্রপতির শাসন জারি করা প্রয়োজন। কংগ্রেস তাতে রাজি হবে কি না, বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আগামী বছরের মে-জুন মাস নাগাদ যে রাজ্যগুলোর ভোট, সেগুলোর মেয়াদ সামান্য এগিয়ে আনা। যেমন অন্ধ্র প্রদেশ, অরুণাচল প্রদেশ, ওডিশা, সিকিম ও তেলেঙ্গানা। ঝাড়খন্ড বিধানসভার মেয়াদ ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত, দিল্লির মেয়াদ ফেব্রুয়ারি এবং বিহারের ওই বছরের নভেম্বর। বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার রাজি হলে এবং মিজোরামকে রাজি করানো গেলে আগামী লোকসভার সঙ্গে ১১টি রাজ্যের ভোট গ্রহণ সম্ভবপর।
কাজটা মোদি করতে চাইছেন একটাই কারণ, চলতি বছরের শেষ বা আগামী বছরের গোড়ায় যে চার রাজ্যে ভোট, তার তিনটিতে বিজেপির হাল যথেষ্ট নড়বড়ে। রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে যতগুলো ভোট জরিপ হয়েছে প্রতিটিতেই বিজেপির হাল খুব খারাপ। সম্ভাব্য এই হার ও তার দায় মাথায় নিয়ে মোদি লোকসভার ভোটে জনতার মুখোমুখি হতে চাইছেন না। তিনি চাইছেন, অন্তত এই ১০-১১টি রাজ্যকে লোকসভার ভোটের সঙ্গে জুড়ে দিয়ে বিরোধীদের ‘নেতৃত্বহীনতাকে’ তুলে ধরে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় থাকতে।
বিজেপির সেই চাহিদা পূরণ হবে কি না, তা নির্ভর করছে বিরোধী রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের ওপর। আজকের বৈঠকে আরও অনেক বিষয়ের সঙ্গে দলীয় মুখ্যমন্ত্রীদের এই বিষয়ে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।