'এক পদ এক পেনশন' দাবিতে উত্তাল দিল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সেনাবাহিনীতে ‘এক পদ এক পেনশন’-এর দীর্ঘদিনের দাবিতে নতুন করে রাজনৈতিক রং লেগে গেল। এই দাবি পূরণের জন্য এক অবসরপ্রাপ্ত সৈনিকের মৃত্যুকে কেন্দ্র করে বুধবার রাজধানী দিল্লি উত্তাল হয়ে ওঠে। মৃত জওয়ানের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে। দিল্লি পুলিশ রাহুলকে থানাতেও নিয়ে যায়। পরে জানায়, যা করা হয়েছে তা নেতাদের নিরাপত্তার স্বার্থেই।
এই ঘটনার পর রাহুল সংবাদমাধ্যমকে বলেন, এটা সরকারের এক বিচিত্র মানসিকতা। এই সরকার আর গণতন্ত্রের ধার ধারছে না।
প্রধানমন্ত্রীর উদ্দেশে রাহুল বলেন, ‘দয়া করে এক পদ এক পেনশন নীতি অর্থবহভাবে চালু করুন। ন্যায্য দাবি আদায়ে জওয়ানদের যেন অন্য লড়াই করতে না হয়।’ সেনানীদের এই দাবি সমর্থন করে আন্না হাজারে জানিয়েছেন, তিনিও তাঁদের অনশনে শামিল হবেন।
ঘটনার শুরু হরিয়ানার ভিওয়ানির বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনানী রাম কিষেণ গ্রেওয়ালের মৃত্যুকে কেন্দ্র করে। সংসদ মার্গের পাশে যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত সেনানীরা ‘এক পদ এক পেনশন’ নীতি রূপায়ণের দাবিতে যে অনশন চালাচ্ছেন, রাম কিষেণ গ্রেওয়ালও সেখানে শামিল ছিলেন। মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনের পেছনে রাজপথের লনে তিনি বিষ পান করে আত্মহত্যা করেন। রাম কিষেণের কাছ থেকে একটা ‘সুইসাইড নোট’ পাওয়া যায়। তাতে লেখা, সরকার এখনো তাঁকে প্রতিশ্রুতিমতো বাড়তি পেনশন দেয়নি। মৃত ব্যক্তির ছেলের দাবি, তাঁর বাবা কিছুদিন ধরেই মনমরা ছিলেন। এই নীতি কার্যকর না করার জন্য সুইসাইড নোটে তিনি সরকারের দোলাচলকে দায়ী করেছেন বলে ছেলের দাবি।
দিল্লি পুলিশ বুধবার মৃত ব্যক্তির মরদেহ ময়নাদতন্তের জন্য রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন। রাহুল তাঁদের সঙ্গে দেখা করতে দুপুরে হাসপাতালে যান। তাঁর আগে যান দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। পুলিশ কাউকেই ঢুকতে দেয়নি। রাস্তার ওপর স্পেশাল প্রোটেকশন গ্রুপের সদস্যদের ঘেরাটোপে পুলিশের সঙ্গে রাহুলের উত্তপ্ত বাক্যবিনিময় হতে থাকে। পুলিশের একটাই কথা, নিরাপত্তা ও হাসপাতালের কাজকর্ম ঠিকমতো চলার স্বার্থেই তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছে না। রাহুল পাল্টা বলেন, তাঁর নিরাপত্তার জন্য দিল্লি পুলিশকে মাথা ঘামাতে হবে না। এই সময় হাসপাতালের সামনের রাস্তায় যানজট বেধে যায়। উত্তেজিত রাহুল ঘিরে থাকা জনতাকে বলতে থাকেন, কী রকম অন্যায়ভাবে তাঁকে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। মৃত ব্যক্তির ছেলেও এই সময় বেরিয়ে আসেন। পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায় মন্দির মার্গ থানায়। কিছু পরে রাহুলকেও সেখানে আনা হয়। সেখানেও পুলিশের সঙ্গে তাঁর তর্ক চলতে থাকে।
রাহুলকে আটক করার খবর ছড়িয়ে পড়তেই যুব কংগ্রেসের কর্মীরা দলে দলে রাস্তায় নেমে পড়েন। শুরু হয় বিক্ষোভ। মন্দির মার্গ থানা থেকে সন্ধ্যায় রাহুলকে সরিয়ে নিয়ে যাওয়া হয় কনট প্লেসে। দুই ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ঝুঁকি এড়াতে পুলিশের যা করা উচিত, তারা তা-ই করেছে।