'এক সাইকেলের দুই চাকা আমরা'
প্রতিপক্ষকে যুঝতে মাঠে নেমে নিজেদের একই সাইকেলের দুই চাকা বলে ঘোষণা দিলেন ভারতের দুই নেতা রাহুল গান্ধী ও অখিলেশ যাদব। তাঁদের প্রত্যয় উত্তর প্রদেশের উন্নতির চাকা এ সাইকেলের চাকায় ভর করেই চলবে।
উত্তর প্রদেশে জোট গঠন করার পর গতকাল রোববার প্রথমবারের জন্য যৌথ সংবাদ সম্মেলন করেন কংগ্রেসের সহসভাপতি রাহুল এবং সমাজবাদী পার্টির নেতা ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ। সমাবেশে দুজনের পরনে সাদা কুর্তা আর কালো কটির সাজ প্রায় একই রকম লাগছিল। তাঁরা একাধিকবার আলিঙ্গন করেন। রাহুল ও অখিলেশ বলেন, তাঁরা নিজেদের ব্যক্তিগত যোগাযোগ ও বন্ধুত্বকে সহযোগিতায় রূপান্তরিত করেছেন। রাহুল এর তুলনা দেন উত্তর প্রদেশে গঙ্গা-যমুনার সঙ্গম অর্থাৎ এক প্রবাহে মিলিত হওয়ার সঙ্গে।
রাহুল-অখিলেশের সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পর অখিলেশের বাবা মুলায়ম সিং যাদব তাঁদের রাজনৈতিক জোট নাকচ করে দিয়ে বলেছেন, রাজ্যে সমাজবাদী পার্টি একাই নির্বাচন করতে সক্ষম। তিনি প্রচারণায় যোগ দেবেন না। অখিলেশ সম্প্রতি বেশির ভাগ নেতার সমর্থনে দলের নেতৃত্ব বাবার কাছ থেকে কেড়ে নিয়েছেন। তাঁকে দেওয়া হয়েছে উপদেষ্টার নিছক আলংকারিক পদ।