'এনকাউন্টার' বন্ধে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পুলিশের সঙ্গে কথিত গোলাগুলিতে অপরাধী বা উগ্রপন্থীদের মৃত্যুর ঘটনার বিরুদ্ধে একগুচ্ছ নির্দেশনা জারি করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি আর এম মেধা এবং বিচারপতি রহিন্টন ন্যারমানের নেতৃত্বে একটি বেঞ্চ গতকাল মঙ্গলবার এই নির্দেশনা জারি করেন। খবর এএফপি ও বিবিসির।
আদালত বলছেন, কোনো ব্যক্তি অপরাধমূলক কাজ করলেও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার তাঁর রয়েছে। তাই সংঘর্ষের নাম করে তাঁদের মেরে ফেলা যায় না।
পিপলস ইউনিয়ন অব সিভিল লিবার্টির নামের একটি মানবাধিকার সংগঠনের দায়ের করা পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালত ওই নির্দেশনা জারি করেন। সংগঠনটি মহারাষ্ট্রে এনকাউন্টার বা কথিত সংঘর্ষের নামে দাগি অপরাধীদের মেরে ফেলা হচ্ছে বলে অভিযোগ করে এবং এসব ক্ষেত্রে যথাযথ তদন্তের দাবি জানায়।
ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান তুলে ধরে বিচারপতিরা বলছেন, ২০১৩ সালে পুলিশের গুলিতে ১০৩ জন বেসামরিক নাগরিক মারা গেছেন। ৪৭ জন পুলিশ কর্মীরও মৃত্যু হয়েছে।
আদালত বলেছেন, কোনো অপরাধী বা উগ্রপন্থী সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে তা অবশ্যই লিখিতভাবে থানায় রেকর্ড করে রাখতে হবে। এ ছাড়া সংষর্ষে কারও মৃত্যু হলে এফআইআর করে সেটা স্থানীয় আদালতকে অবশ্যই জানাতে হবে।
ভারতের বিভিন্ন রাজ্যেই কথিত সংঘর্ষে অপরাধী বা সন্দেহভাজন উগ্রপন্থীদের মেরে ফেলার অভিযোগ আছে। কাশ্মীর বা উত্তর-পূর্বের আসাম, মণিপুর, অন্যদিকে মহারাষ্ট্রে এ ধরনের অভিযোগ বেশি। অনেক মাওবাদী নেতা-কর্মীকেও কথিত সংঘর্ষে মেরে ফেলা হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে থাকে।