'কাশ্মীরে মোদিই আশার আলো'
ভারতের জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সাফ কথা, উপত্যকার মানুষের ক্ষোভ প্রশমন ও দীর্ঘ ৭০ বছরের সমস্যার সমাধান করার ক্ষমতা মাত্র একজনেরই রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেহবুবার ব্যাখ্যা, মোদি সাহসী, একাগ্র। এবং তাঁর পেছনে দেশের অধিকাংশ মানুষের সমর্থন আছে।
কয়েক মাস ধরে কাশ্মীর যখন অশান্ত, জাতিসংঘের প্রতিবেদন নিয়ে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে ভারত যখন তীব্রভাবে সমালোচিত এবং পিডিপি নেত্রী মেহবুবা নিজ রাজ্যে নিন্দিত, সেই সময় তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করে বুঝিয়ে দিলেন, বিজেপির সঙ্গে যে রাজনৈতিক গাঁটছড়া বেঁধেছেন, তা এখনই ছিন্ন করতে তিনি প্রস্তুত নন। পাশাপাশি, এই রাজনৈতিক বার্তাও দিয়ে রাখলেন, কেন্দ্রীয় সরকারের কাশ্মীর নীতিতে এখনই কোনো বদল হওয়ার সম্ভাবনা নেই।
মাত্র কদিন আগেই দিল্লি এসে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের অশান্ত পরিস্থিতি নিয়ে মেহবুবা আলোচনা করেছিলেন। গতকাল শনিবার জম্মু শহরে এক ফ্লাইওভারের উদ্বোধন করার সময় তিনি সেই প্রসঙ্গ টেনে উপত্যকার পরিস্থিতির জন্য সাবেক ইউপিএ সরকারকে দায়ী করেন। বলেন, সমস্যা মেটাতে সাবেক সরকার পুরোপুরি ব্যর্থ। সেই পুঞ্জীভূত হতাশাই ক্রোধ ও ক্ষোভ হয়ে প্রকাশ পাচ্ছে। এই অবস্থার সামাল দেওয়ার ক্ষমতা একমাত্র নরেন্দ্র মোদিরই আছে।
মেহবুবা বলেন, ‘আজ আমি দায়িত্বের সঙ্গে এই কথা বলতে চাই যে কাশ্মীর সমস্যার সমাধান কেউ যদি করতে পারেন, তা হলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমি জানি, এই কথা বলার জন্য আমি সমালোচিত হব। কিন্তু এটাই আমার বিশ্বাস। জনতার রায় তাঁর সঙ্গে রয়েছে। যে সিদ্ধান্তই তিনি নেবেন, জনতা তা সমর্থন করবে।’
জম্মু-কাশ্মীরে সরকার গড়তে পিডিপি ও বিজেপি জোট বেঁধেছে। রাজ্যের পরিস্থিতি ঘোলাটে হয়ে যাওয়ায় জোট ছাড়ার জন্য মেহবুবার ওপর প্রবল চাপও রয়েছে। সেই চাপ আপাতত যে তিনি অগ্রাহ্য করছেন, শনিবারের এই কথার মধ্য দিয়ে তা স্পষ্ট।
মেহবুবা তাঁর ভাষণে মোদির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের তুলনাও টেনে আনেন। তিনি বলেন, মনমোহন সিং ১০ বছর প্রধানমন্ত্রী ছিলেন। পাকিস্তানে নিজেদের পৈতৃক বাড়িতে যাওয়ার শখও তাঁর ছিল। কিন্তু সাহসী হতে পারেননি। মোদি সাহসী। তিনি পাকিস্তান গেছেন। দুর্বলতা নয়, এটাই তাঁর শক্তি। একমাত্র তিনিই পারেন এই দুঃসহ অবস্থা থেকে রাজ্যকে উদ্ধার করতে।