'কুনজর' এড়াতে শক্তিশালী প্রতিরক্ষা চান মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশটির সামরিক বাহিনীকে এমনভাবে শক্তি অর্জন করতে হবে, যাতে দক্ষিণ এশিয়ার এই দেশটির দিকে কেউ ‘কুনজর’ দিতে না পারে।
আজ শনিবার দেশীয়ভাবে তৈরি দেশটির সবচেয়ে বড় যুদ্ধজাহাজের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ভারতের মুম্বাইয়ে তিনি এ কথা বলেন।
নৌবাহিনীর কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে মোদি বলেন, ‘আমাদের লক্ষ্য প্রতিরক্ষা সক্ষমতাকে এতটাই দক্ষ করে তোলা, ভারতের দিকে যাতে কেউ কুদৃষ্টি দিতে না পারে।’
বার্তা সংস্থা এএফপি জানায়, বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত তাদের ১০ হাজার কোটি ডলারের প্রতিরক্ষা আধুনিকীকরণ কর্মসূচির মধ্যপর্যায়ে আছে। সামরিক বাহিনীর আধুনিকীকরণে মোদি সরকার দেশটির প্রতিরক্ষা শিল্পে বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ভারত তিনটি যুদ্ধ করেছে, এর মধ্যে দুটি যুদ্ধ হয়েছে বিতর্কিত কাশ্মীর নিয়ে।
প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘যুদ্ধজাহাজটি দেশের প্রকৌশলী, কারিগর ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মিলে তৈরি করেছেন। ভারতে আমরা কী তৈরি করতে পারি, এটি এর সবচেয়ে বড় উদাহরণ।’
ছয় হাজার ৮০০ টনের আইএনএস কলকাতা জাহাজটি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, সেন্সর ও যোগাযোগ প্রযুক্তিসম্পন্ন। ধারণা করা হচ্ছে, এটি ভারতের নৌসীমায় সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে।