'ক্ষুদ্রমনস্ক মানুষের মন্তব্যের পাল্টা কিছু বলব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনিয়া গান্ধী
সোনিয়া গান্ধী

গিরিরাজ বিতর্কে কোনো রকম মন্তব্য করতে রাজি হলেন না কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। আজ বৃহস্পতিবার মধ্য প্রদেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষুদ্রমনস্ক মানুষদের মন্তব্যের পিঠে পাল্টা কিছু বলব না। সোনিয়া শালীন হয়ে মন্তব্য না করলেও আজ দিল্লিসহ দেশের নানা প্রান্তে কংগ্রেস নেতারা বিক্ষোভ দেখান। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গিরিরাজ সিংয়ের কুশপুতুলও পোড়ানো হয়। বিহারের মজফফরপুর জেলা আদালতে রাজ্যের এই মন্ত্রীর বিরুদ্ধে স্থানীয় কংগ্রেস নেতারা একটি মানহানির মামলাও দাখিল করেছেন। আদালত গিরিরাজের বিরুদ্ধে এফআইআর দাখিল করতে স্থানীয় পুলিশকে নির্দেশও দিয়েছে।

সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করলেও দল হিসেবে বিজেপি অথবা সরকারের প্রধান হিসেবে নরেন্দ্র মোদি বৃহস্পতিবারেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। যদিও এই দাবিতে বিভিন্ন দল ও নেতা এখনো সরব। বরং বিজেপি বিষয়টি নিয়ে আর না এগোনোর পক্ষপাতী। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব বৃহস্পতিবার বলেন, গিরিরাজ নিজেই বিষয়টি ব্যাখ্যা করেছেন। ফলে বিতর্কের অবসানও ঘটেছে।

গিরিরাজের মন্তব্যটি ছিল পুরোপুরি বর্ণবিদ্বেষী। তিনি বলেছিলেন, সোনিয়া যদি নাইজেরিয়া মহিলা হতেন এবং রাজীব গান্ধী তাঁকে বিয়ে করতেন তা হলে কংগ্রেসে এতটা সমীহ কি তিনি আদায় করতে পারতেন? এই মন্তব্যে কংগ্রেস ও অন্য রাজনৈতিক দলের পাশাপাশি নাইজেরিয়ার দূতাবাসও ক্ষুণ্ন হয়। দিল্লিতে সে দেশের হাইকমিশনার ওব ওকোনগর গতকাল বুধবার বলেন, মন্ত্রীর মন্তব্য অত্যন্ত কুরুচিকর। আমাদের আশা তিনি ওই মন্তব্য প্রত্যাহার করে নাইজেরিয়ার মানুষের কাছে দুঃখপ্রকাশ করবেন। কূটনৈতিকভাবে তাঁরা এ বিষয়ে তাঁদের প্রতিবাদ ভারত সরকারকেও জানাবেন।

গিরিরাজ বিহারের মন্ত্রী এবং সেই রাজ্যে এই বছরের শেষেই বিধানসভার নির্বাচন। কাজেই গিরিরাজের বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নিতে দল ও সরকার রাজি নয়। তবে বিহারে বিজেপি-বিরোধী রাজনীতি এই মন্তব্যে বেশ চনমনে হয়ে উঠেছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন, বিজেপিতে এই ধরনের মানুষেরই ভিড়। এই রাজ্যেরই আর এক নেতা লালু প্রসাদ বলেছেন, হাতে চুড়ি পরিয়ে, কপালে টিপ দিয়ে, মুখে কালি লেপে গিরিরাজকে ঘোরানো দরকার। শালীনতার সমস্ত সীমা তিনি লঙ্ঘন করেছেন। লালুর এই মন্তব্যে আবার নারীবাদীরা খেপেছেন। কংগ্রেসের রাজ্যসভার সদস্য অভিনেতা রাজ বব্বর বলেছেন, গিরিরাজ মানসিকভাবে অসুস্থ। ওঁর চিকিৎসা প্রয়োজন। সেই খরচ তিনি দিতে প্রস্তুত। কপিল সিব্বাল আবার নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেছেন, গিরিরাজ ও রামরাজের মধ্যে মোদি গিরিরাজকেই বেছে নিয়েছেন। কংগ্রেসের মুখপাত্র শোভা ওঝা বৃহস্পতিবারেও গিরিরাজের ইস্তফা দাবি করেছেন।