ভারতে সরকারি প্রতিষ্ঠানের ক্যালেন্ডারে গান্ধীজির ছবি না দেওয়া নিয়ে বিতর্ক আরও জটিল হলো। বিজেপিশাসিত রাজ্য হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল বিজ গতকাল শনিবার বললেন, মহাত্মা গান্ধীর চেয়ে নরেন্দ্র মোদি অনেক বড় ব্র্যান্ড। তিনি বলেন, গান্ধীজির নাম জোড়ার পর থেকে খাদির কোনো উন্নতি হয়নি, মোদির জন্য হয়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের (কেভিআইসি) এ বছরের ক্যালেন্ডার ও ডায়েরিতে গান্ধীজির বদলে নরেন্দ্র মোদির চরকা কাটা ছবি ছাপা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল বিজের মন্তব্য তা আরও বাড়িয়ে দিল। অনিল সরাসরিই বলেন, মোদির ছবি ছাপিয়ে খুব ভালো হয়েছে। গান্ধীজির থেকে মোদি অনেক বড় ব্র্যান্ড। মোদির নাম খাদির সঙ্গে জোড়ার পর থেকে খাদির বিক্রি ১৪ শতাংশ বেড়ে গেছে।
হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী এটুকু বলেই থামেননি। তিনি এ কথাও বলেন, রুপিতে গান্ধীজির ছবি ছাপার পর থেকেই ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন শুরু।
গান্ধীর বদলে মোদির ছবি ছাপার বিতর্কের মাঝে হরিয়ানার বিজেপি নেতার এই মন্তব্য বিজেপির বিড়ম্বনা এতটাই বাড়িয়ে দিয়েছে যে বিজেপির মুখপাত্র শ্রীকান্ত শর্মা সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে বলেছেন, অনিল বিজ যা বলেছেন, তা নিতান্তই তাঁর ব্যক্তিগত অভিমত, দলের নয়। মহাত্মা গান্ধী নমস্য।
কেভিআইসির ক্যালেন্ডার ও ডায়েরিতে গান্ধীর জায়গায় মোদির ছবি ছাপানোয় দেশজুড়ে সমালোচনা শুরু হয়। কেভিআইসির পক্ষ থেকে বলা হয়েছিল, প্রতিবছরই যে গান্ধীজির ছবি ছাপানো হয়েছে, তা নয়। অনেকবারই হয়নি। সেই বিতর্কের রেশ মিটতে না মিটতেই অনিল বিজের মন্তব্য রাজনৈতিক মহলকে বিস্মিত করেছে। স্বাস্থ্যমন্ত্রীকে ‘নালায়েক’ আখ্যা দিয়ে রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালু প্রসাদ বলেছেন, ‘এমন সন্তান দেশের দুর্ভাগ্য।’