'গান্ধীরা মোদির গোপন বিষয় জানেন'
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, গান্ধী পরিবারের সদস্যরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গোপন অনেক বিষয় সম্পর্কে জানেন। এ কারণেই মোদি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস পান না। গতকাল রোববার নিজের টুইটার বার্তায় কেজরিওয়াল এই অভিযোগ করেন।
এর আগের দিনই কেজরিওয়াল তুমুল আলোচিত অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেলেঙ্কারি প্রসঙ্গে বলেন, এই দুর্নীতিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মোদির সমঝোতা রয়েছে।
হেলিকপ্টার কেনার সময় অর্থ লেনদেনের অভিযোগ নিয়ে এখন বিজেপি-কংগ্রেস একে অপরকে দুষছে। এ নিয়ে ভারতের পার্লামেন্ট কয়েক দিন ধরে উত্তপ্ত।
কেজরিওয়াল শনিবার বলেন, কংগ্রেস সভানেত্রীকে গ্রেপ্তারের কোনো ক্ষমতা মোদির নেই। সোনিয়াকে গ্রেপ্তারের দাবিতে কেজরিওয়ালের আম আদমি পার্টি শনিবার এক সমাবেশ করে। সেখানেই এসব কথা বলেন তিনি।
কেজরিওয়াল সমাবেশে বলেন, ‘ক্ষমতায় আসার আগে মোদি দুর্নীতিবাজদের কারাগারে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু গত দুই বছরে একজনকেও দুর্নীতির দায়ে কারাগারে পাঠানোর ঘটনা ঘটেনি।’
অগাস্টা ওয়েস্টল্যান্ড কোম্পানি ইতালির একটি আদালতে জানিয়েছে, হেলিকপ্টার বিক্রির সময় তারা ৩৭৫ কোটি টাকা ঘুষ দিয়েছিল। ইতালির মিলানের একটি আদালত এই দুর্নীতির দায়ে সম্প্রতি সে দেশের দুই কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেন। এ ঘটনার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে ভারতের রাজনীতি।