'গুন্ডামির ধর্ম' বরদাশত করা হবে না: মমতা

গতকাল রোববার রামনবমীর দিনে পশ্চিমবঙ্গে অস্ত্র নিয়ে মিছিল করার ঘটনাকে মেনে নিতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক থেকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই রাজ্যে ধর্মের নামে কোনো রাজনীতি বরদাশত করা হবে না। রামের নাম নিয়ে রামকে বদনাম করা চলবে না। ধর্মের নামে এখানে কোনো ব্যবসা চলবে না। রাজনীতি চলবে না। যাঁরা ধর্মের নামে রাজনীতি করবে প্রশাসন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। মমতা বলেছেন, আইনি ব্যবস্থা নিতে পুলিশ যদি গড়িমসি করে বা সমঝোতা করে, তবে সেই পুলিশের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।
মমতা বলেছেন, গুন্ডামি করে ধর্ম নিয়ে রাজনীতি এই রাজ্যে বরদাশত করা হবে না। হিন্দু ধর্ম সর্বজনীন, এই ধর্ম মানুষকে ভালোবাসার মন্ত্র দেয়। তাই গায়ের জোরে গুন্ডামির ধর্ম এখানে বরদাশত করা হবে না। প্রশাসনকে বলেছি, কড়া হাতে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। বলেন, একটা রাজনৈতিক দল গন্ডগোল পাকাচ্ছে। বাইর থেকে গুন্ডা আমদানি করছে। রাজ্যজুড়ে গন্ডগোল পাকাচ্ছে। অস্ত্র হাতে মিছিল করছে। তিনি প্রশ্ন করেন, রাম কি অস্ত্র হাতে মিছিল করতে বলেছিল? তাই মমতা অবিলম্বে এই কাণ্ডে জড়িতদের অস্ত্র আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। বলেছেন, পিস্তল বা তরবারি হাতে মিছিল করতে বলেনি রাম? যদিও এদিন তৃণমূলও গোটা রাজ্যে অস্ত্র ছাড়া রামনবমীর মিছিল করেছে। এই মিছিলকে ভালো চোখে নেয়নি কলকাতার বিদ্বজ্জনেরা। কবি শঙ্খ ঘোষ বলেছেন, বিজেপির মিছিলের পাল্টা মিছিল হতে পারে না তৃণমূলের।
গতকাল রোববার কলকাতা সহ পশ্চিমবঙ্গের সর্বত্র রাম নবমী উপলক্ষে বিজেপির ডাকে অস্ত্র মিছিল অনুষ্ঠিত হয়। বিজেপি, বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের ডাকে সর্বত্র অস্ত্র মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলকে ঘিরে পুরুলিয়ায় একজনের মৃত্যু হয়। সেই মিছিলের রেশ চলে আজও। আজ সোমবার সকালে মুর্শিদাবাদের কান্দিতে বিজেপির অস্ত্র মিছিলে পুলিশ বাঁধা দিলে পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ হয়। ইট-বৃষ্টি হয়। চলে পুলিশের লাঠিপেটা। পরে ব্যাপক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষে এখানে একটি শিশু জখম হয়।
এদিকে বীরভূমের অস্ত্র মিছিলে ত্রিশূল হাতে মিছিলে যোগদানের অপরাধে রামপুরহাট পুলিশ বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। অন্যদিকে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন শিশুদের নিয়ে অস্ত্র মিছিল করায় বজরং দলের দুই সদস্যের কাছে সমন পাঠিয়েছে, বলেছে কেন তারা শিশুদের হাতে অস্ত্র দিয়ে মিছিলে সামিল করেছে?