'গোপন জবানবন্দি' দিলেন গণধর্ষণের শিকার নান
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে গণধর্ষণের শিকার নান দিল্লির আদালতে ‘গোপন জবানবন্দি’ দিয়েছেন। গতকাল সোমবার বিকেলে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে তিনি এ জবানবন্দি দেন।
পশ্চিমবঙ্গের সিআইডি এর আগে আদালতে নানের ‘গোপন জবানবন্দি’ দেওয়ার বিষয়ে আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে। তবে ওই নান নিরাপত্তার কারণে রানাঘাট কোর্টে গিয়ে জবানবন্দি দিতে রাজি না হওয়ায় সিআইডি দিল্লিতে জবানবন্দি নেওয়ার উদ্যোগ নেয়। গতকাল এই মামলায় রানাঘাটে দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এই মামলার তদন্ত করছে পশ্চিমবঙ্গের সিআইডি পুলিশ।
রানাঘাটের গাঙনাপুরে কনভেন্ট অব জেসাস মেরি স্কুলে গত ১৪ মার্চ রাত আড়াইটার দিকে সাত থেকে আটজনের একটি ডাকাত দল ডাকাতি করতে যায়। ডাকাতেরা দেয়াল টপকে ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীকে বেঁধে স্কুলের অফিস কক্ষে ঢোকে। অফিস থেকে ১২ লাখ টাকা লুট করে। এ সময় ওই স্কুলের উপস্থিত সিস্টাররা বাধা দিলে তাদেরও বেঁধে রাখা হয়। একপর্যায়ে তারা প্রবীণ নানকে ধর্ষণ করে।