'ঘরে' ফিরলেন সিধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক ক্রিকেটার নভোজিৎ সিং সিধু ১০ বছর বিজেপিতে কাটিয়ে কংগ্রেসে যোগ দিলেন। আনুষ্ঠানিক যোগদানের পর গতকাল সোমবার কংগ্রেসের সদরদপ্তরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘কংগ্রেসে আমার জন্ম। সেই কংগ্রেসেই ফিরে এলাম।’ তিনি বলেন, এটি তাঁর কাছে ‘ঘর ওয়াপসি’।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সিধু রাজনীতিতে ঝুঁকে পড়েন। যোগ দেন বিজেপিতে। ২০০৪ সালে পাঞ্জাবের অমৃতসর কেন্দ্র থেকে বিজেপি তাঁকে লোকসভায় মনোনয়ন দেয়। সিধু জিতে যান। ২০০৯ সালেও তিনি ওই কেন্দ্র থেকে লোকসভায় জেতেন। ২০১৪ সালে সিধুকে টিকিট না দিয়ে বিজেপি অমৃতসরে দাঁড় করায় অরুণ জেটলিকে। অরুণ হেরে যান। আর এ সময় থেকেই বিজেপির সঙ্গে সিধুর দূরত্ব বাড়তে থাকে। মানভঞ্জনের জন্য সিধুকে রাজ্যসভায় মনোনীত করা হয়। কিন্তু কিছু দিনের মধ্যেই তিনি রাজ্যসভা থেকে ইস্তফা দেন।

কংগ্রেসে যোগ দেওয়ার আগে নভোজিৎ সিং সিধু আম আদমি পার্টির সঙ্গেও কথা-চালাচালি করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসে এলেন।