'চপার কেলেঙ্কারি' নিয়ে উত্তপ্ত রাজ্যসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চপার কেলেঙ্কারি’ হিসেবে পরিচিতি পাওয়া অগস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার বেচাকেনায় ঘুষ কাকে দেওয়া হয়েছে—ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা তা নিয়েই গমগম করল গতকাল বুধবার। বিজেপির স্পষ্ট ইঙ্গিত কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের প্রতি। কংগ্রেসের পাল্টা দাবি, দলীয় নেতাদের ঘুষ দেওয়ার কোনো প্রমাণই ইতালির আদালত দেননি। শুধু নামের আদ্যক্ষর দিয়ে কিছু প্রমাণ করা যায় না।
গতকালের দীর্ঘ আলোচনায় দেশের রাজনৈতিক মেরুকরণও স্পষ্ট হয়ে গেল। কংগ্রেসের পাশে জনতা দল, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং বামপন্থী দলগুলো দাঁড়ায় বিতর্কে। তেমনই এই প্রশ্নে বিজেপির পাশে দাঁড়িয়ে কংগ্রেসের বিরোধিতায় নামে তৃণমূল কংগ্রেস। তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বিতর্কের মধ্য দিয়ে যে বিষয়টি বড় হয়ে উঠে আসে, তা তদন্তের কাজ দ্রুত শেষ করার আরজি। দুই বছর ধরে সিবিআই তদন্ত চালালেও এই প্রথম জেরা করা হয় ভারতের বিমানবাহিনীর সাবেক প্রধান এস পি ত্যাগীকে। দুই দিনের টানা জেরার পর সিবিআই জানায়, আজ বৃহস্পতিবারও তাঁকে জেরা করা হবে।
দেশের ভিভিআইপিদের যাতায়াতের জন্য হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত প্রথম নেওয়া হয় ১৯৯৯ সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ আমলে। পরে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার নানান টালবাহানা ও দরাদরি শেষে ১২টি অগস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেনার চুক্তি চূড়ান্ত করে। তিনটি হেলিকপ্টার চলে আসার পর ঘুষ দেওয়ার অভিযোগটি ওঠে ইতালিতেই। এরপরই ২০১৩ সালে ইউপিএ সরকার চুক্তি বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সেই তদন্ত আজও শেষ হয়নি।
গত মাসে ইতালির মিলানের আদালত ঘুষ দেওয়ার বিষয়ে চূড়ান্ত রায় দেওয়ার পর থেকেই ভারতীয় রাজনীতি চনমনে হয়ে উঠেছে। চুক্তি রূপায়ণে দালালেরা ভারতীয় বিমানবাহিনীর কর্তা, আমলা ও রাজনৈতিক নেতাদের ঘুষ দিয়েছেন, বিচারপতির রায়ে তা বলা হয়। তবে রাজনৈতিক কোনো নেতার বিরুদ্ধে ঘুষ দেওয়া-নেওয়ার কোনো প্রমাণ রায়ে নেই। কিছু নাম ও নামের আদ্যক্ষর-সংবলিত একটি ডায়েরির পাতার প্রতিলিপিকে বিজেপি ও অন্য বিরোধী সদস্যরা কংগ্রেস-বিরোধিতার হাতিয়ার করেন।
বহুজন সমাজবাদী পার্টির মায়াবতী, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, সিপিএমের তপন সেন এবং কংগ্রেসের আনন্দ শর্মা ও অভিষেক মনু সিংভি বিজেপিকে আক্রমণ করে বলেন, চুক্তি বাতিল করেছে কংগ্রেস সরকার। সিবিআই তদন্তের নির্দেশও কংগ্রেসের দেওয়া। ৩ হাজার ৬০০ কোটি টাকার চুক্তির বেশির ভাগও কংগ্রেস আদায় করেছে। দুই বছর হয়ে গেলেও তদন্ত এক ইঞ্চি এগোয়নি।