'চা বিক্রেতার' সাড়ে ১০ কোটি রুপির সম্পদ জব্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট রাজ্যের বন্দর নগরী সুরাটের সাবেক এক চা বিক্রেতার কাছ থেকে সাড়ে ১০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দেশটির আয়কর বিভাগ।

ভারতে ৫০০ ও ১০০০ হাজার রুপির নোট বাতিল করার পর কালোটাকার মালিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে আয়কর বিভাগ ওই সম্পদ জব্দ করল। আজ রোববার দেশটির বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আয়কর বিভাগের অনুসন্ধানকারীরা গতকাল শনিবার সাবেক চা বিক্রেতার বাড়িতে অভিযান চালান। তাঁরা সেখান থেকে নতুন নোট–সংবলিত ১ কোটি ৫ লাখ রুপিসহ মোট ১ কোটি ৪৫ লাখ রুপি, ১ কোটি ৪৯ লাখ রুপি মূল্যের সোনার বার, ৪ কোটি ৯২ লাখ রুপি মূল্যের স্বর্ণালংকার, ১ কোটি ৩৯ লাখ রুপি মূল্যের অন্য অলংকার এবং ১ কোটি ২৮ লাখ রুপি মূল্যের রুপার পাত জব্দ করেন।

ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে আয়কর বিভাগ সূত্র জানিয়েছে, একসময় এই ধনকুবের চা বিক্রেতা ছিলেন। তাঁর কাছ থেকে জব্দ করা মোট সম্পদের পরিমাণ সাড়ে ১০ কোটি রুপি। তাঁর বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র আরও জানায়, এখন পর্যন্ত ওই ব্যক্তির ব্যাংকের ১৩টি লকার খোলা হয়েছে। আরও চারটি লকার খোলার প্রক্রিয়া চলছে। জব্দ করা সম্পদের পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।