'চুরাশির দাঙ্গা ভারতের বুকে ছুরিকাঘাত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যার পর শিখবিরোধী দাঙ্গা ছিল ভারতের বুকে ছুরিকাঘাতের শামিল। গতকাল শুক্রবার সরদার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে ‘রান ফর ইউনিটি’ কর্মসূচিতে এ কথা বলেন মোদি। খবর এনডিটিভির।
নরেন্দ্র মোদি বলেন, ‘সে সময় আমাদের লোকদের হত্যা করা হয়েছিল, এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর ওপর নয়, বরং তা ছিল গোটা জাতির ওপর চালানো হত্যাকাণ্ড। যেন ভারতেরই বুকে বিঁধেছিল একটি ছুরি।’
এদিকে গতকালই ছিল প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুদিবস। এ উপলক্ষে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী তাঁর শাশুড়ি ইন্দিরা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করেন। তবে কার্যত আলংকারিকপ্রধান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ছাড়া কেন্দ্রীয় সরকারের কেউ সেখানে যাননি। এ ঘটনাকে কংগ্রেসের অনেক নেতা ইন্দিরার প্রতি ‘অসম্মান’ প্রদর্শন হিসেবে দেখছেন। তবে গতকাল মোদি এক টুইটারবার্তায় বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে দেশের যে জনগণ তাঁকে স্মরণ করছেন, আমি তাঁদের সঙ্গে আছি।’
দুই শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এর প্রতিক্রিয়ায় শিখদের ওপর ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালানো হয়।