'জগন্নাথ রসগোল্লা' নিয়ে ওডিশার লড়াই

রসগোল্লার স্বত্ব নিয়ে লড়াই শেষ হলেও বসে নেই ভারতের ওডিশা। ওডিশার সঙ্গে প্রায় আড়াই বছর লড়াই শেষে রসগোল্লা আবিষ্কারের স্বীকৃতি পায় পশ্চিমবঙ্গের কলকাতা। অর্থাৎ, কলকাতাতেই প্রথম রসগোল্লা হয়েছিল।
এই স্বীকৃতি আসে ভারতের রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন আইনের আওতায়। জিআই বা ‘জিওগ্রাফিকাল ইন্ডিকেশন’ পেয়ে যায় কলকাতা। হেরে যায় ওডিশা। হারার পর ওডিশা এবার ‘জগন্নাথ রসগোল্লা’র জিআই পাওয়ার জন্য লড়াইয়ে নেমেছে।
এর আগে কলকাতার সঙ্গে যখন ওডিশার লড়াই চলে, তখন ওডিশার সরকারের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল, রসগোল্লা সৃষ্টি হয়েছিল ওডিশায়। ওডিশার পুরীর মন্দিরে রসগোল্লা দিয়ে ভোগ দেওয়া হতো। এই যুক্তি মানেনি কলকাতা ও ঐতিহাসিকেরাও। তাঁরা যুক্তি দিয়েছিলেন, রসগোল্লা বানানো হয় দুধে টক মিশিয়ে বানানো ছানা দিয়ে। দুধ নষ্ট করে রসগোল্লা তৈরি হয় বলে এটা দিয়ে ভোগ হতো না। ভোগ হতো দুধ জ্বাল দিয়ে বানানো ক্ষীর দিয়ে। এসব যুক্তির পর আর জিআই লড়াইয়ে টিকতে পারেনি ওডিশা। হেরে যায় রসগোল্লার যুদ্ধে।
ওডিশা রণে ক্ষান্ত দিয়ে নতুন করে ‘জগন্নাথ রসগোল্লা’ নাম দিয়ে ফের জিআই পাওয়ার লড়াইয়ে মাঠে নেমেছে। ওডিশার অর্থমন্ত্রী শশীভূষণ বেহড়া গতকাল বুধবার জানিয়েছেন, তাঁরা জগন্নাথ রসগোল্লার জিআই স্বত্ব পাওয়ার জন্য আবেদন করছেন।
ওডিশার ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী প্রফুল্ল শ্যামল বলেছেন, এবার ওডিশার গর্ব জগন্নাথ রসগোল্লার জিআই স্বত্ব চাওয়া হচ্ছে।
রসগোল্লার প্রথম আবিষ্কারক হিসেবে জিআই স্বীকৃতি পেয়েছে কলকাতার চিনি ব্যবসায়ী নবীন চন্দ্র দাস। ১৮৬৪ সালে তিনিই প্রথম এই রসগোল্লা আবিষ্কার করেন।