'জন কারফিউ' উপেক্ষা করে মণিপুরে সভা করলেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৫ বছরে মণিপুরে কংগ্রেস যা করতে পারেনি, সেই কাজ ১৫ মাসে শেষ করার প্রতিশ্রুতি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার ছয়টি জঙ্গি সংগঠনের ডাকা ‘জন কারফিউ’ উপেক্ষা করে মণিপুরের রাজধানী ইম্ফলে নির্বাচনী সভা করেন মোদি।

বিজেপির প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই সভায় টানা ১৫ বছরের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ইবোবি সিংকে কড়া ভাষায় আক্রমণ করেন মোদি। রাজ্যে দুর্নীতির প্রসঙ্গে ইবোবিকে ‘১০ পার্সেন্ট মুখ্যমন্ত্রী’ বলেও কটাক্ষ করতে শোনা যায় তাঁর কণ্ঠে।

সন্ত্রাসকবলিত উত্তর–পূর্ব ভারতের রাজ্যটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য রাজ্য সরকারকেই দায়ী করেন ভারতের প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলে সন্ত্রাসবাদ মোকাবিলা করে রাজ্যকে উন্নয়নের পথে ফিরিয়ে আনা হবে।

মোদি বলেন, প্রায় চার মাস ধরে মণিপুরের ওপর অর্থনৈতিক অবরোধ চলছে। ইউনাইটেড নাগা কাউন্সিল জাতীয় সড়ক অবরোধ করে রাখায় রাজ্যে নিত্যপণ্যের আকাল দেখা দিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে কোনো রকম অবরোধ বরদাশত করা হবে না। রাজ্যে অশান্তি জিইয়ে রাখার জন্যও কংগ্রেসকেই দায়ী করেন মোদি।

প্রসঙ্গত, ৪ ও ৮ মার্চ মণিপুর বিধানসভার ৬০ আসনে নির্বাচন। নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে এক ঘণ্টার ঝটিকা সফরে আসেন মোদি। তাঁর সফর বয়কট করে ছয়টি জঙ্গি সংগঠনের কো-অর্ডিনেশন গ্রুপ মিডিয়ার মাধ্যমে জন কারফিউ ঘোষণা করেছিল। এর ফলে সকাল থেকেই দোকানপাট, হাটবাজার সবই বন্ধ ছিল। এর মধ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থায় প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত হয়।

পুলিশের দাবি, নির্বিঘ্নেই শেষ হয় মোদির মণিপুর সফর।

২৮ ফেব্রুয়ারি মণিপুরে ভোট প্রচারে আসবেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী।