ভারত গত দু-তিন মাসে বেশ কয়েকটি ‘জরুরি’ অস্ত্র চুক্তি সম্পাদন করেছে। এগুলোর অর্থমূল্য ২০ হাজার কোটি ভারতীয় রুপি। সশস্ত্র বাহিনীকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত করা নিশ্চিত করতেই দেশটি এসব চুক্তি করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলেছে, ভারতের সশস্ত্র বাহিনী যাতে গোলাবারুদ, বাড়তি অস্ত্র ও অন্যান্য রসদ সরবরাহের ব্যাপারে নিশ্চিত থেকে অন্তত ১০ দিন পর্যন্ত পুরোদমে যুদ্ধ চালিয়ে যেতে পারে, তা নিশ্চিত করাই চুক্তিগুলোর লক্ষ্য। ২০১৬ সালের সেপ্টেম্বরে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরপরই ভারত সরকার রাশিয়া, ইসরায়েল ও ফ্রান্সের সঙ্গে এসব অস্ত্র কেনার চুক্তির প্রক্রিয়া শুরু করে।
কর্মকর্তারা বলেছেন, ভারতীয় বিমানবাহিনী অন্তত ৯ হাজার ২০০ কোটি রুপির ৪৩টি চুক্তি করেছে। এসবের মাধ্যমে গোলাবারুদ, যুদ্ধবিমানের যন্ত্রাংশ, পরিবহন বিমান ইত্যাদি কেনা হবে। এ ছাড়া রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী অন্তত ৫ হাজার ৮০০ কোটি রুপির প্রায় ১০টি চুক্তি করেছে। এসবের আওতায় তারা অস্ত্রশস্ত্র ও বিভিন্ন সামরিক সরঞ্জাম কিনবে।