'জিকা' বিড়ম্বনায় গাড়ির নাম বদল

‘জিকা হ্যাচব্যাক’ নামের নতুন গাড়ি বাজারে আনার প্রস্তুতি প্রায় শেষ করেছিল ভারতের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটরস। কাল বুধবার একটি প্রদর্শনীতে গাড়িটি আনুষ্ঠানিকভাবে পাঠানো হবে। কিন্তু গন্ডগোল লাগাল জিকা ভাইরাস।
বিশ্বব্যাপী জিকা ভাইরাস আতঙ্কের কারণে টাটা মোটরস তাদের নতুন গাড়ি জিকা হ্যাচব্যাকের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নির্মাতা প্রতিষ্ঠানটি থেকে গতকাল মঙ্গলবার জানানো হয়, যদিও তাদের গাড়ির নামের বানান খানিকটা ভিন্ন, তবে উচ্চারণ প্রায় একই রকম। তাই এই পরিবর্তনের সিদ্ধান্ত। খবর এএফপির।
টাটা মোটরসের করপোরেট কমিউনিকেশনসের প্রধান মিনারি শাহ গার্ডিয়ানকে বলেন, ‘নতুন গাড়িটির নাম বহুদিন আগেই ঠিক করা হয়েছিল। তখন তো আর আমরা বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা করতে পারিনি। তাই এখন পরিবর্তন হচ্ছে।’
গতকাল টাটা মোটরসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সপ্তাহের প্রদর্শনীতে অবশ্য গাড়ির গায়ে ‘জিকা’ নাম লেখা থাকবে। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে গাড়িটির নতুন নাম ঘোষণা করা হবে।