'টয়লেট গুরুর' অভিযান

খোলা জায়গায় কেউ হালকা হবে না। বাড়ি বাড়ি হবে শৌচাগার। এমন প্রত্যয়ে অভিযানে নেমেছেন ‘টয়লেট গুরু’ নামে পরিচিত বিন্দেশ্বর পাঠক। ভারতে ৪০ বছর ধরে তিনি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিয়ে কাজ করছেন। ৭১ বছর বয়সেও থেমে নেই কাজ। ভারতের প্রতিটি বাড়িতে একটি শৌচাগার স্থাপন করাই পাঠকের মূল লক্ষ্য।
এএফপিতে প্রকাশিত খবরে জানা যায়, মহাত্মা গান্ধীর শুদ্ধি অভিযানে উদ্বুদ্ধ হয়েছেন পাঠক। একই সঙ্গে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০১৯ সালের মধ্যে ভারতে স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ঘোষণাতেও উদ্বুদ্ধ হয়েছেন। মোদির বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে পাঠক বলেন, ভারতে অবকাঠামোগত অসুবিধা রয়েছে। কিন্তু প্রযুক্তি ও পরিকল্পনার কোনো অভাব নেই। পাঠক জানান, শৌচাগারের জন্য সব মিলিয়ে লাগবে চার হাজার ২৩০ কোটি ডলার।
ইউনিসেফের তথ্যমতে, ভারতের ৫৯ কোটি ৩০ লাখ মানুষ, প্রায় ৫০ শতাংশ নাগরিক খোলা জায়গায় হালকা হয়ে থাকে। বিশেষ করে দরিদ্র ও গ্রামাঞ্চলে শৌচাগারের অভাব রয়েছে। প্রায় ৩০ কোটি নারী ও মেয়ে শিশুকে অন্ধকার থাকতে প্রাকৃতিক কাজ সারতে বাইরে যেতে হয়। তাঁদের সংক্রমণেরও ঝুঁকি থাকে। খোলা জায়গায় গিয়ে অনেক ক্ষেত্রে তাঁরা যৌন নির্যাতন ও নিপীড়নের শিকার হন। গত বছরের মে মাসে ১২ ও ১৪ বছরের দুই কিশোরীকে ধর্ষণ করা হয়।
স্বেচ্ছাসেবী পয়ঃনিষ্কাশন সংস্থা সুলভ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা পাঠক সস্তায় ১৩ লাখ শৌচাগার নির্মাণ করেছেন। টয়লেটের একটি গর্ত ভরে যাওয়ার পর আরেকটি গর্ত বদল করা হয়। দুই বছরের মধ্যে বর্জ্য পদার্থগুলো সার হিসেবে ব্যবহার করা হয়। এ রকম শৌচাগারে ফ্ল্যাশ ব্যবহার করার দরকার পড়ে না। ফলে ২.৬ গ্যালন (১০ লিটার) পানি বেঁচে যায়। শৌচাগারে পয়ঃনিষ্কাশনের কোনো প্রয়োজন পড়ে না।
শৌচাগারের বর্জ্য থেকে যে বায়োগ্যাস উৎপন্ন হয়, তা বিদ্যুৎশক্তি উৎপাদনের কাজেও ব্যবহার হয়। এই গ্যাস রান্নারও কাজে লাগে। পাঠকের এই শৌচাগার স্থানীয় লোকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।